শনিবার রাতে আলোচিত এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন, দেশের ক্রিকেটারদের সম্মান দেওয়া হয় না। সাক্ষাৎকারে সাকিব সাবেক দুই অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও আকরাম খানকে নিয়ে সমালোচনা করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নাঈমুর রহমান দুর্জয়ের পাল্টা প্রশ্ন, ‘সাকিব কী আমাদের সম্মান দেখালো?’
রবিবার (২১ মার্চ) বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠক শেষে গণমাধ্যমের কাছে এক প্রতিক্রিয়ায় দুর্জয় বলেন, ‘আরেকটা বিষয় বলেছে যে সম্মান প্রদর্শন করা। আমরা তিন জন সাবেক অধিনায়ক বোর্ড পরিচালক হিসেবে আছি। তাদের এভাবে বলা, সেটা কি সম্মান প্রদর্শন করা? এটা আপনাদের (গণমাধ্যমকর্মী) কাছে আমার প্রশ্ন।’
শনিবার এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘নির্মম সত্যটা হচ্ছে, যখন আমাদের দেশে বাইরের কেউ খেলতে আসে, আমরা তাদের স্যার, হুজুর করতে থাকি দুই-একজন ছাড়া। যারা অল্প কয়টা ম্যাচ খেলছে বা খেলেওনি তাদের সঙ্গে এমন করি। আমাদের দেশে যারা ৫/৭ বছর খেলছে, তাদের সম্মান করি না। আমাদের দেশের মানুষই যদি আমাদের সম্মান না করে, বোর্ড সম্মান না করে, ক্রিকেটাররা সম্মান না করে, অন্য দেশের মানুষ কীভাবে করবে?’
সন্ধ্যায় বিসিবি প্রেসিডেন্টের গুলশানের বাসায় এক রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকের পর আকরাম খান ও দুর্জয় জানান, পুরো সাক্ষাৎকার দেখার পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে বোর্ড।