হারের সঙ্গে ধাক্কা হয়ে এসেছে মোস্তাফিজুর রহমানের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ার দৃশ্যে। বাঁহাতি পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ওভার শেষ না করেই মাঠ ছাড়েন। তাতে শঙ্কার মেঘ জন্মেছে তাকে ঘিরে। যদিও ম্যাচ শেষে ভালো খবরই দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
ক্রাইস্টচার্চের ম্যাচে নিজের নবম ওভারে বোলিং করতে এসে শেষ করতে পারেননি মোস্তাফিজ। কাফ মাসলে টান লেগে ৩ বল করেই মাঠ ছাড়েন তিনি। পরে তার ওভার শেষ করেন সৌম্য সরকার। যদিও ম্যাচ শেষে তামিম জানালেন, বড় কোনও সমস্যা হয়নি মোস্তাফিজের, ‘মোস্তাফিজের কাফ মাসলে একটু টান লেগেছিল। যে কারণে ও মাঠ থেকে উঠে গেছে। পরে ওর সঙ্গে দেখা হয়েছে, কথাও হয়েছে। ও ভালো আছে, আমার মনে হয় ও তৃতীয় ম্যাচে খেলবে।’
বাংলাদেশ হারলেও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন তামিম। মুশফিকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের আগে খেলেছেন ৭৮ রানের ইনিংস। ১০৮ বলের ইনিংসে ছিল ১১ বাউন্ডারির মার।
নিজের ইনিংস নিয়ে তামিমের বক্তব্য, ‘আমি ফুল সেট ছিলাম। ক্যালকুলেটেড রিস্ক নিচ্ছিলাম ৫০ রানের পর থেকে। রানও আসছিল। যখনই জুটিটা গড়ে উঠছিল, তখনই একটা উইকেট পড়ে যাচ্ছিল। তারপরও মিঠুন যেভাবে ইনিংসটা খেলেছে, তা সত্যিই দারুণ। এই রকম কন্ডিশনে, ভালো বোলিং অ্যাটাকের বিপক্ষে সে চমৎকার ইনিংস খেলেছে।’