টস ভাগ্য এবারও বদলায়নি বাংলাদেশের। নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজে আবারও টস হেরেছে সফরকারীরা। ওয়েলিংটনের তৃতীয় ওয়ানডেতে অবশ্য কিউই অধিনায়ক টম ল্যাথাম টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তাই শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তাও ওয়েলিংটনের ম্যাচটির গুরুত্বপূর্ণ কম নয়। কেননা নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের খোঁজ এখনও চলছে তামিমদের। শেষ ওয়ানডেতে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় খেলছেন পেসার রুবেল হোসেন।
নিউজিল্যান্ডের একাদশেও একটি পরিবর্তন। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ রস টেলর। তিনি ফেরায় জায়গা হারিয়েছেন উইল ইয়াং।
সিরিজ বিবেচনায় নিলে এই ম্যাচের কোনও গুরুত্ব নেই। তবু ওয়ানডে সুপার লিগের হিসাবে প্রতিটি ম্যাচেরই সমান গুরুত্ব। পাঁচ ম্যাচে তিন জয়ে ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের অবস্থান দুই নম্বরে। এই ম্যাচে জয়ের দেখা পেলে জায়গাটি আরও পাকাপোক্ত হবে। রান রেট ভালো হলে এক নম্বরেও চলে যেতে পারে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ড জয় পেলে নেট রানরেটে এগিয়ে থাকার সুযোগে দুই নম্বরে উঠে আসবে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, রস টেলর, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।