লঙ্কানদের হতাশ করলেন ব্র্যাথওয়েট

টেস্টে কীভাবে নেতৃত্ব দিতে হয়, মেজাজ ধরে খেলতে হয়, সেটা ভালো করেই জানা ক্রেইগ ব্র্যাথওয়েটের। এ কারণেই তো নতুন করে ক্যারিবীয়দের টেস্ট অধিনায়ক করা তাকে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে যার প্রমাণও রাখলেন আবার। তার অসাধারণ প্রতিরোধেই প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৮৭ রানে প্রথম দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।   

অথচ ব্যাটিংযের জন্য অ্যান্টিগার এই পিচে ভয়াবহ কোনও কিছু ছিল না। এর পরেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভুগতে হয় স্বাগতিকদের। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম আধা ঘণ্টায় ১৫ রানে বিদায় নেন ২ জন। এক পর্যায়ে স্কোর ছিল ৪ উইকেটে ১২০। এর পর ৭ উইকেটে ২২২ রান!

তখন ৩০০ রান হবে কিনা এ নিয়েও সংশয় ছিল। কিন্তু ওপেনার ব্র্যাথওয়েট এক প্রান্ত আগলে সেই পরিস্থিতি সামাল দিয়েছেন ঠিকই। প্রতিরোধ গড়ার পথে সঙ্গী বানিয়েছেন কাইল মেয়ার্স (৪৯), জেসন হোল্ডার (৩০), আলজারি জোসেফ (২৯)-কে।

সঙ্গীরা বিদায় নিলে শ্রীলঙ্কাও আশায় ছিল হয়তো প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করা যাবে। কিন্তু তাদের হতাশ করে শেষ দিকে ক্যারিবীয়দের আরও ভালো অবস্থানে পৌঁছানোর আশা দেখাতে থাকেন ব্র্যাথওয়েট। রাকিম কর্নওয়ালকে নিয়ে গড়েন ৬৫ রানের জুটি।

৫৪ বলে ৪৩ রানে ব্যাট করছেন রাকিম। আর শুরু থেকে খেলতে থাকা ব্র্যাথওয়েট ২৩৯ বল খেলে অপরাজিত আছেন ৯৯ রানে।

শ্রীলঙ্কার হয়ে ৭১ রানে ৩ উইকেট নেন সুরঙ্গ লাকমাল। একটি করে নিয়েছেন বিশ্ব ফার্নান্ডো, লাসিথ এম্বুলদেনিয়া, দুশমন্থ চামিরা ও ধনঞ্জয়া ডি সিলভা।