সোনার খোঁজে ২২ গজে

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টে নারী বিভাগের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পুরুষ ইভেন্টের খেলা। জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে তারকা ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ গেমসে চারটি দল দিয়েছে বিসিবি। দলগুলোতে অনূর্ধ্ব-১৯, ১৮, ১৭ দলের ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন।

জুনিয়র ক্রিকেটারদের নিয়ে গড়া মোট চারটি দল সোনার পদকের লড়াইয়ে ২২ গজে নামছে। দলগুলো হচ্ছে- চন্দ্রদ্বীপ দক্ষিণাঞ্চল, বরেন্দ্র উত্তরাঞ্চল, চট্টলা পূর্বাঞ্চল ও জাহাঙ্গীরাবাদ মধ্যাঞ্চল।

প্রথম দিন আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বরেন্দ্র উত্তরাঞ্চলের প্রতিপক্ষ চন্দ্রদ্বীপ দক্ষিণাঞ্চল।

২ এপ্রিল চট্টলা পূর্বাঞ্চল ও জাহাঙ্গীরাবাদ মধ্যাঞ্চল মুখোমুখি হবে। একদিন বিরতি দিয়ে ৪ এপ্রিল চট্টলা পূর্বাঞ্চল খেলবে চন্দ্রদ্বীপ দক্ষিণাঞ্চলের বিপক্ষে। পরদিন বরেন্দ্র উত্তরাঞ্চল মুখোমুখি হবে জাহাঙ্গীরাবাদ মধ্যাঞ্চলের।

৭ এপ্রিল চট্টলা পূর্বাঞ্চল খেলবে বরেন্দ্র উত্তরাঞ্চলের বিপক্ষে। পরদিন জাহাঙ্গীরবাদ মধ্যাঞ্চলের প্রতিপক্ষ চন্দ্রদ্বীপ দক্ষিণাঞ্চল।

১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। একদিন বিরতি দিয়ে ১০ এপ্রিল সোনার লড়াইয়ে মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল।