বাংলাদেশ গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের উদ্বোধনী ম্যাচে আগুনে বোলিং করেছেন ফাহিম হাবিব। বয়সভিত্তিক দলের এই পেসারের বোলিং তোপে চন্দ্রদ্বীপ সাউথ জোনের ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করেন। ৫০ ওভারের ম্যাচে তারা ৯.৪ ওভারে অলআউট হয়েছে মাত্র ২৬ রানে! যেখানে ১৪ রান খরচায় ৬ উইকেট নিয়ে বরেন্দ্র নর্থ জোনের ২১১ রানের বড় জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফাহিম। বিধ্বংসী বোলিংয়ের পর ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।
আজ (বৃহস্পতিবার) বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বরেন্দ্র নর্থ জোন ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে। বরেন্দ্রর হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন মিনাজুল হাসান। ১০৬ বলে ৭ চারে তিনি ৬০ রানের ইনিংস খেলেন। মিসবাহ আহমেদ অপরাজিত ছিলেন ৩৮ রানে। এছাড়া জাহিদুল হক ৩৬, নাঈম আহমেদ ৩১ ও আরাফাত ইসলামের ব্যাট থেকে আসে ২৬ রান।
চন্দ্রদ্বীপের বোলারদের মধ্যে নুরুল হাসান, হাসিব হাওলাদার, শাহরিয়ার সাকিব ২টি করে উইকেট নিয়েছেন। এছাড়া কাজী আল আমিন একটি উইকেট নিয়েছেন।
২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চন্দ্রদ্বীপ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ফাহিমের পেসের সামনে দাঁড়াতেই পারেননি চন্দ্রদ্বীপের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৯.৪ ওভারে ২৬ রান তুলতেই অলআউট হয় তারা। দলের পাঁচ ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারেননি। সর্বোচ্চ ৯ রান এসেছে মোহাম্মদ রেজওয়ানের ব্যাট থেকে।
বরেন্দ্র বোলার ফাহিম ৫ ওভারে মাত্র ১৪ রান দিয়ে পেয়েছেন ৬ উইকেট। ৩ উইকেট নিয়েছেন সজিব আহমেদ।