দ. আফ্রিকাকে ৯২ রানে থামিয়ে সিরিজ বাংলাদেশের মেয়েদের

আগের দুই ম্যাচের একাদশ থেকে বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়ে তৃতীয় ওয়ানডের একাদশ গড়েছিল বাংলাদেশ ইমার্জিং নারী দল। তাতেও অবশ্য জয় হাতছাড়া হয়নি। বরং দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে মাত্র ৯২ রানে অলআউট করে পেয়েছে ৬ উইকেটের বড় জয়। ফলে টানা তিন জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দুই ম্যাচ আগেই নিশ্চিত করলো নিগার সুলতানারা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অভিজ্ঞ রিতু মনি ও নাহিদা আক্তারের পাশাপাশি রাবেয়া খানের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে প্রোটিয়া মেয়েরা। মাত্র ৯২ রানে অলআউট করে ব্যাটারদের জন্য কাজটা সহজ করে দেন বোলারররা। ওপেনার মুর্শিদা খাতুন ৪৬ রানের ইনিংসে ভর করে ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।

এছাড়া আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক নিগারের ব্যাট থেকে আসে ১৩ রান। রুমানা আহমেদ ২ ও লতা মন্ডল ৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২৫ রানেই ওপেনিং জুটি ভাঙে প্রোটিয়াদের। মাত্র ৩৩.৩ ওভারে ৯২ রানে অলআউট হয় সফরকারীরা। আনেকে বোস সর্বোচ্চ ৩০ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে রিতু মনি, নাহিদা আক্তার ও রাবেয়া খান প্রত্যেকে নিয়েছেন ৩টি করে উইকেট।