ওয়ার্নারের ইতিহাসের দিনে সিরিজ অস্ট্রেলিয়ার

nonameটানা বৃষ্টির কারণে আগেই জানা গিয়েছিল ড্র হচ্ছে সিডনি টেস্ট। অবশেষে ড্রই হলো ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট। তবে শেষ দিন ড্রয়ের আগে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ৮২ বলে সেঞ্চুরি করেছেন তিনি।
সিডনি ক্রিকেট স্টেডিয়ামের ১৩৪ বছরের ইতিহাসে আর ১০৪ টেস্টের ইতিহাসে এটিই দ্রুততম সেঞ্চুরি। ৮৪ বলে আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল বাঁহাতি অসি ওপেনার ম্যাথু হেইডেনের।
এর আগে শেষ দিনে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ২৪৮ রান নিয়ে খেলা শুরু করলেও অলআউট হয় ৩৩০ রানে। ৩০ রানে অপরাজিত দিনেশ রামদিন বিদায় নেন ৬২ রানে। ৩টি করে উইকেট নেন দুই স্পিনার নাথান লায়ন ও স্টিভ ও’কিফ।

জবাবে খেলতে নেমে অস্ট্রেলিয়া উদ্বোধনী জুটিতে তোলে ১০০ রান। যাতে ওয়ার্নারই করেন ৭৪। জো বার্নস করেন ২৬। শেষ পর্যন্ত ১৬তম টেস্ট সেঞ্চুরি করে ১০৩ বলে ১২২ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। আর অস্ট্রেলিয়া দিন শেষে ২ উইকেটে ১৭৬ রান করার পর ড্র মেনে নেয় দুই পক্ষ।

তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ট্রফি জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। ম্যাচ সেরা হন ওয়ার্নার, সিরিজ সেরা হন অ্যাডাম ভোজেস।

/এফআইআর/