দুবাইয়ে ত্রি-দেশীয় সিরিজ খেলবে অস্ট্রেলিয়া যুবদল

প্যাট হাওয়ার্ড।বাংলাদেশে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বিশ্বকাপ বর্জন করেছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল। আর এই সময়টি ফাঁকা পেয়ে ত্রি-দেশীয় সিরিজ খেলতে দুবাই যাচ্ছে অসিদের যুবদলটি। নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে ত্রি-দেশীয় এই সিরিজে অংশ নেবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল।
এ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরম্যান্স সংক্রান্ত নির্বাহী ব্যবস্থাপক প্যাট হাওয়ার্ড বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে না খেলতে পারা আসলেই হতাশাজনক। যেটা আসলে দুই বছরে একবারই হয়। আমরা জানি যে অস্ট্রেলিয়ার এই দলটির জন্য এমন টুর্নামেন্টটি খেলা গুরুত্বপূর্ণ। কারণ দেশের হয়ে খেলার মতো গর্ব নিয়ে এমন টুর্নামেন্টেই আসলে খেলা হয়। আর সেখানে না খেলতে পারলেও তাদের সুযোগ করে দিতেই দুবাইয়ে ত্রি-দেশীয় সিরিজে খেলছি আমরা।’
এছাড়া গত অক্টোবরে একই ইস্যুতে বাংলাদেশে নির্ধারিত সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া। সেবার টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের। সেই সিরিজ প্রসঙ্গেও কথা বলেন প্যাট হাওয়ার্ড। তিনি বলেন, ‘আসলে বাতিল হওয়া সেই সফরটিকে সূচির মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এ নিয়ে কাজ করছি। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেই টেস্ট সিরিজ খেলার সূচি ঘোষণা করা হবে।’  

উল্লেখ্য, নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ বর্জন করলেও তাদের জায়গায় খেলবে আয়ারল্যান্ড।

/এফআইআর/