স্লোয়ার-ইয়র্কার সামলে মোসাদ্দেকের ‘ফিনিশার’ হওয়ার লড়াই

ফিনিশার হিসেবে মোসাদ্দেক হোসেনকে একাদশে রাখা হয়। কিন্তু বেশিরভাগ সময়ই নিজের কাজটা ঠিকমতো করতে পারেননি এই অলরাউন্ডার। তবে ফিনিশিং রোলে সফল হতে এবার স্লোয়ার ও ইয়র্কারের বিপক্ষে প্রস্তুতি নিচ্ছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। দ্বিতীয় দিনের অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে মোসাদ্দেক বলেছেন, ‘আসলে ফিনিশার রোলের যে দায়িত্বটা থাকে, যখন ব্যাটিং করি হয়তো দলের খারাপ সময়টাতে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া এবং ভালোভাবে ফিনিশ করা। কিন্তু ওই সময়টাতে ইয়র্কার ও স্লোয়ার বেশি আসে। আমি এটা নিয়েই কাজ করছি, কীভাবে স্লোয়ার ও ইয়র্কার বলগুলো থেকে রান বের করা যায়।’

পায়ের ইনজুরিতে নিউজিল্যান্ড সফরে বসে থাকতে হয়েছিল মোসাদ্দেককে। সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অবশ্য খেলেছিলেন তিনি। নিজের বর্তমান অবস্থা নিয়ে এই ব্যাটসম্যান জানালেন ইতিবাচক খবরই, ‘ইনজুরি থেকে সেরে ওঠার পর আমি ২-৩ দিন অনুশীলন করার সুযোগ পেয়েছি। এখানে আসার পরও দুই দিন অনুশীলন করলাম। অনেক ভালো অনুভব করছি। পায়ের যে অবস্থা ছিল সেখান থেকে অনেক উন্নতি হয়েছে।’

গত কিছুদিন ধরেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। মোসাদ্দেক আশা করছেন, দ্রুতই এই অবস্থার উন্নতি হবে, ‘সাম্প্রতিক সময়ে আমাদের দল খারাপ সময় পার করছে। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এটা ওভারকাম করবো, দল খুব ভালোভাবে কামব্যাক করবে।’

আগামী ৩১ মে থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে কাজে দেবে বলে মনে করেন মোসাদ্দেক, ‘এখানে প্রায় ২০০ ক্রিকেটার খেলে। বেশিরভাগ ক্রিকেটারের রুটি-রুজি এটাই। এছাড়া সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেক্ষেত্রে এই লিগটা প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে।’