শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষে এবার ঘরের মাঠে বাংলাদেশের সিরিজ। স্বাগতিকদের খুব আত্মবিশ্বাসী দেখা গেলেও নিউজিল্যান্ডে এই দলটিই চরম ব্যর্থ ছিল। তার পরেও ৫০ ওভারের ক্রিকেট নিজেদের মাঠে বরাবরই শক্ত প্রতিপক্ষ তামিম-সাকিবরা। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মতো দলগুলোকে ঘরের মাঠে তাদের হারানোর অভিজ্ঞতা রয়েছে। সেই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বৃহস্পতিবার দল ঘোষণার পর ওয়ানডে সিরিজে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে মিনহাজুল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘হোম সিরিজে আমরা সব সময়ই ভালো ক্রিকেট খেলি। এই সিরিজেও তাই হবে আশা করি। নিউজিল্যান্ডে ভালো করতে পারিনি। তবে ঘরের মাঠে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। আমরা সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।’
সাকিব নিউজিল্যান্ড সফরে ছিলেন না। নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরলেও পারফেক্ট সাকিবকে পাওয়া যায়নি। প্রধান নির্বাচক আশা করছেন, সাকিবকে নিয়ে এই সিরিজে ভালো কিছু করা সম্ভব, ‘সাকিব বা সেরা খেলোয়াড়রা দলে এলে দল উপকৃত হয়। সবাই যদি আত্মবিশ্বাসী থাকে, তাহলে আশা করি খুব ভালো হবে। আমরা একটি ভালো সিরিজের প্রত্যাশা করছি।
করোনায় গত দেড় বছর ধরে যে কোন সিরিজের আগে ক্রিকেটারদের বিরক্তিকর কোয়ারেন্টিন করতে হচ্ছে। শুধু তাই নয়, পুরো সিরিজেই একরমক বন্দি থেকে মাঠে খেলতে হচ্ছে। সব মিলিয়ে একজন ক্রিকেটারের জন্য এসব বিষয় মানিয়ে নেওয়া কতটা কঠিন? এমন প্রশ্নের জবাবে মিনহাজুল আবেদীন বলেছেন, ‘এটা তো একটা অংশ। এখন বায়োবাবলে থাকলে এটা করতে হবে। আমরা যখন নিউজিল্যান্ডে গিয়েছি, তখন কোয়ারেন্টিনে ছিলাম, শ্রীলঙ্কাতেও ছিলাম। আশা করি, খেলোয়াড়রা মানিয়ে নিতে পারবে।’