আমি রাসেল কিংবা পোলার্ড নই: মুশফিক

বিপদের মূহূর্তে বাংলাদেশ দলের সব সময়ের ত্রাতা মুশফিকুর রহিম। রবিবারও সেই ভূমিকাতে দেখা গেছে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানকে। এদিন ৮৭ বলে খেলেছেন ৮৪ রানের ইনিংস।

৪ চার ও ১ ছক্কা- বাউন্ডারিতে এসেছে ২২ রান। বাকি ৬২ রান সিঙ্গেলস ও ডাবলস থেকে। তারপরও ৯৬.৫৫ স্ট্রাইক রেটে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন মুশফিক। পুরস্কার বিতরণী মঞ্চে প্রশ্ন এলো, কম বাউন্ডারি নিয়েও কীভাবে এত ভালো স্ট্রাইকরেটে ব্যাটিং করলেন? মুশফিক জানালেন, নিজের সামর্থ্য ব্যবহার করেই সাফল্য পেয়েছেন তিনি।

পুরস্কার মঞ্চে মুশফিক বলে গেলেন, ‘আমি বড় গড়নের মানুষ নই। সহজে বাউন্ডারি মারতে পারি না। আমি পোলার্ড (কাইরন পোলার্ড) বা রাসেল (আন্দ্রে রাসেল) নই। আমি নিজের শক্তির জায়গায় থাকার চেষ্টা করি। কন্ডিশনও আমাকে সুযোগ দেয়নি খুব বেশি বাউন্ডারি মারার। আমি তাই সময় নিয়েছি, আস্তে আস্তে রান বাড়িয়েছি।’

তবে এই সাফল্যের পেছনে সতীর্থদের ভূমিকার কথা বলেছেন মুশফিক, ‘একটা প্রান্ত নিরাপদ রাখতেও হতো আমাকে। সেটা আমি করেছি। রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইও সঙ্গ দিয়েছেন। আফিফ ও সাইফের ফিনিশং টাচ ছিল দুর্দান্ত।’

রবিবার ৪৩ রানে লিটন দাস ও সাকিব আল হাসানের বিদায়ের পর দলের হাল ধরেন মুশফিক। বড় স্কোরের পথে তামিমকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৫৬ রানের জুটিও গড়েছিলেন মুশফিক। এরপর তামিম-মিঠুনের আউটের পর মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে আরও বড় জুটির দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু নিজের ৮৪ রানের সময় লাকশান সান্দাকানকে রিভার্স সুইপ খেলতে গিয়ে ইসুরু উদানাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুশফিক।