প্রিমিয়ার লিগের শুরু থেকেই রান খরা চলছিল সৌম্য সরকারের ব্যাটে। অবশেষে চতুর্থ ম্যাচে এসে সৌম্যর ব্যাটে হাসি ফুটলো। তার ৫৩ রানে ভর করে সহজেই জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগে ব্যাট করে লেজেন্ডস অব রূপগঞ্জ ৮ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে। জবাবে ১৩ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে গাজী গ্রুপ। সৌম্যর রানে ফেরার ম্যাচে ব্যর্থতার বৃত্তটা আরও চওড়া করেছেন সাব্বির রহমান।
আজ (সোমবার) বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া রূপগঞ্জ দিশেহারা হয়ে পড়ে মেহেদী হাসান, মুকিদুল ইসলাম ও মাহমুদউল্লাহর বোলিংয়ের সামনে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা করতে পারে ১৩২ রান। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান আসে মেহেদী মারুফের ব্যাট থেকে। সাব্বির ব্যর্থতার বৃত্তেই আটকে আছেন। জাতীয় দল থেকে বাদ পড়া এই ব্যাটসম্যান গত চার ম্যাচের কোনোটিতেই সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ইনিংস ২৩ রানের। আর আজ তার ব্যাট থেকে এসেছে ১৮ রান।
গাজী গ্রুপের মাহমুদউল্লাহ, মেহেদী ও মুকিদুল প্রত্যেকে ২টি করে উইকেট নিয়েছেন।
১৩৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২১ রানে মেহেদীকে (১৩) হারায় গাজী গ্রুপ। দ্বিতীয় উইকেটে সৌম্য ও মুমিনুল হক মিলে ৮২ রানের জুটি গড়েন। তাদের জুটিতেই মূলত জয়ের ভিত পেয়ে যায় গাজী গ্রুপ।
মুমিনুল ২৯ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৪ রানে আউট হলেও সৌম্য হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। ৪৩ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় বাঁহাতি এই ব্যাটসম্যান ৫৩ রানের ইনিংস খেলেছেন। এই দুজনের বিদায়ের পর মাহমুদউল্লাহ (১৫*) ও ইয়াসির আলীর (১৩*) অবিচ্ছিন্ন ২৮ রানের জুটিতে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গাজী গ্রুপ।
মোহাম্মদ শহীদ, কাজী অনিক ও নাবিল সামাদ একটি করে উইকেট নিয়েছেন।