এনগিদি-নর্কিয়ার তোপে একশও করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়াম যেন হয়ে উঠলো সেঞ্চুরিয়ন কিংবা ডারবানের মাঠ। চেনাজানা কন্ডিশনে অনুকূল উইকেটে দক্ষিণ আফ্রিকার পেসাররা যেভাবে নিজেদের মেলে ধরেন, ঠিক তেমনটাই ধরা পড়লো সেন্ট লুসিয়া টেস্টের প্রথম দিনে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের নিয়ে আক্ষরিক অর্থেই খেললেন লুঙ্গি এনগিদি ও আনরিখ নর্কিয়া। এই দুই পেসারের তোপে প্রথম ইনিংসে মাত্র ৯৭ রানে অলআউট ক্যারিবিয়ানরা!

ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই দক্ষিণ আফ্রিকাও। প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ১২৮ রান করেছে প্রোটিয়ারা। অর্থাৎ, সেন্ট লুসিয়া টেস্টের প্রথম দিনেই পড়েছে ১৪ উইকেট। বোলারদের দাপটের দিনে আগুন ঝরিয়েছেন এনগিদি ও নর্কিয়া। শুরুতে নর্কিয়া ছিলেন বেশি ভয়ঙ্কর। ক্যারিবিয়ানদের হারানো শীর্ষ ছয় ব্যাটসম্যানের চারজনই তার শিকার। আর এনগিদি লেজ ছেঁটে দিলে ১০০ রানের আগেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

উইকেট সংখ্যায় এগিয়ে এনগিদি। ১৩.৫ ওভারে মাত্র ১৯ রান দিয়ে এই পেসারের শিকার ৫ উইকেট। আর নর্কিয়া ১১ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হারানো অন্য উইকেটটি পেয়েছেন কাগিসো রাবাদা।

প্রোটিয়া পেসারদের তোপের মুখে সর্বোচ্চ ২০ রান এসেছে জেসন হোল্ডারের ব্যাট থেকে। এছাড়া ১৫ রান করে করেছেন দুই ওপেনার ক্রেগ ব্র্যাথওয়েট ও শাই হোপ। ১৩ রান এসেছে লোয়ার অর্ডারের রাকিম কর্নওয়ালের ব্যাট থেকে।

ক্যারিবিয়ানদের ৪০.৫ ওভারে অলআউট করে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। হতাশ করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক ডিন এলগার (০)। ওই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হন কিগান পিটারসেন (১৯)। পরে এইডেন মারক্রাম ও রাসি ফন ডের ডুসেনের জুটিতে খেলায় ফেরে প্রোটিয়ারা।

মারক্রাম ৬০ রানে আউট হলেও ৩৪ রানে অপরাজিত আছেন ফন ডের ডুসেন। তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন ৪ রানে ব্যাট করা কুইন্টন ডি কক। মাঝে কাইল ভেরেইন (৬) ফিরে গেলে ৪ উইকেট পড়ে প্রোটিয়াদের।