তীব্র শীত আর কুয়াশার মধ্যেই খুলনায় চলছে টাইগারদের নিবিড় অনুশীলন। রবিবার বিকালে ব্যাটিং, বোলিংসহ নানান কসরতের মধ্য দিয়ে চলে তাদের অনুশীলন। রনি, সাকিব, সৌম্যরা বোলিং মেশিনের মাধ্যমে নিবিড় ব্যাটিং করেছেন। অনুশীলনে সকলকেই দেখা গেছে হাস্যেজ্জল। প্রাকটিসেও ছিল গভীর মনোযোগ।
শেখ আবু নাসের স্টেডিয়ামে পিচ তৈরি, গ্যলারির ভাঙ্গা চেয়ার অপসারণ, রংতুলির আচরে সৌন্দর্য্যবর্ধনের কাজও চলছে বেশ জোরেশোরেই। মাঠ ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, এখানে আগে আসার লক্ষ্যই হচ্ছে অনুশীলনে জোর দেওয়া। ভাল পারফর্ম করার জন্য অনুশীলনের বিকল্প নেই। সে কারণেই প্রাকটিসকে বেশি প্রধান্য দেওয়া হচ্ছে। শিডিউল করে প্রত্যেক খেলোয়াড়কে লাইন আপ ঠিক করে দেওয়া হয়েছে। সে অনুযায়ীই অনুশীলন চলছে।
এদিন দলের কোচ অনুশীলনের প্রতিটি স্তর ঘুরে ঘুরে দেখেন ও খেলোয়াড়দের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি মাঠের বাইরে ইনডোরে প্রাকটিসে থাকা মুশফিকুর রহিম ও খুলনার ছেলে সোহানের অনুশীলনও পর্যবেক্ষণ করেন। নেট প্রাকটিসে সৌম্য সরকারকে তার স্বভাবসুলভ হুক শট বেশি খেলতে দেখা গেছে।
খুলনা ভেন্যু ম্যানেজার আব্দুস সাত্তার কচি বলেন, অনেক চেয়ারই ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম গ্যালালির অর্ধেকই আসনে চেয়ার নেই। সেখানে মেরামতের কাজ চলছে। পূর্ব গ্যালারির চেয়ারগুলো ঠিক করার উদ্যোগও নেওয়া হয়েছে।
/এমআর/