চলছে ইউরো চ্যাম্পিয়নশিপ। করোনাভাইরাস বিধিনিষেধ মেনে স্বল্পসংখ্যক দর্শকের সামনে হচ্ছে ম্যাচ। তবে সব জায়গায় কিন্তু এক অবস্থা নয়। এই যেমন হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় তিল ধারণের জায়গা নেই। স্টেডিয়াম ‘হাউজফুল’। ইতালির খেলাগুলোতেও একই অবস্থা। ফুটবলের ওই দৃশ্য এবার ক্রিকেটেও হতে যাচ্ছে। লর্ডসের গ্যালারি পূর্ণ হতে যাচ্ছে কানায় কানায়।
পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। এই সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে লর্ডসে। আর সেই ম্যাচেই ভরা গ্যালারির সামনে লড়বে ইংল্যান্ড-পাকিস্তান। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার পূর্ণ গ্যালারিতে হতে যাচ্ছে ইংল্যান্ডের কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। যুক্তরাজ্য সরকারের সবুজ সংকেত পেয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গত মাস থেকে যুক্তরাজ্যের আন্তর্জাতিক ক্রিকেটে দর্শক ফেরা শুরু হয়েছে। এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম তিন দিন মাঠে ছিলেন ১৭ হাজার দর্শক। যুক্তরাজ্য সরকারের নিয়ম মেনে ২০ থেকে ২৫ শতাংশ দর্শক সুযোগ পেয়েছেন খেলা দেখার।
ইসিবি গত সপ্তাহ ঘোষণা দিয়েছিল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্বাস্থ্যবিধি মেনে দর্শক থাকবে গ্যালারিতে। এর মধ্যেই আবার ঘোষণা আসে পাকিস্তানের বিপক্ষে এজবাস্টনের তৃতীয় ওয়ানডেতে ৮০ শতাংশ দর্শক খেলা দেখতে পারবেন গ্যালারি থেকে। আর এবার এলো লর্ডসের পূর্ণ গ্যালারির ঘোষণা।
১১ বছরের বেশি বয়সী টিকিট আগ্রহীদের সাম্প্রতিক সময়ের করোনাভাইরাস নেগেটিভ হওয়ার প্রমাণ দেখাতে হবে। নয়তো থাকতে হবে দুই ডোজ টিকা নেওয়ার সনদ। মাঠে খেলা দেখার সময় থাকবে না কোনও বিধিনিষেধ। সামাজিক দূরত্ব রাখার প্রয়োজন নেই, তবে সবাইকে মাস্ক পরতে উৎসাহী করা হচ্ছে।