এই স্কোরও মন্দ নয় সাইফের

ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটে সাইফ হাসানের ব্যাটে। কিন্তু টেস্ট ম্যাচে নামলেই হয়ে থাকেন নিজের ছায়ায় বন্দি। গত বছরের ফ্রেরুয়ারিতে অভিষেকের পর কেবল হতাশার ছবিই এঁকে চলেছেন তিনি। চলমান জিম্বাবুয়ে টেস্টের প্রথম ইনিংসেও ফেরেন খালি হাতে। দ্বিতীয় ইনিংসেও যে ভালো করেছেন তা নয়, তবে ‘মন্দের ভালো’ বলাই যায়!

হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে আউট হয়েছেন সাইফ। বিস্ময়কর হলেও সত্য পঞ্চম টেস্ট খেলতে নামা এই ওপেনারের এটাই সর্বোচ্চ ইনিংস! ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া্ এই ব্যাটসম্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পাবেন এই ইনিংসে। শুক্রবার দ্বিতীয় ইনিংস শুরুর পর সাদমান ইসলামের সঙ্গে জুটি দাঁড় করিয়ে নিয়েছিলেন। আজ (শনিবার) চতুর্থ দিনের সকালটাও দারুণ কাটছিল। তবে বেশিদূর যাওয়া হলো না তার।

রিচার্ড এনগারাভার বলে ডিয়োন মায়ার্সের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সাইফ। যাওয়ার আগে টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ৪৩ রানের ইনিংসটি খেলেন ৯৫ বলে, যাতে ছিল ৬ বাউন্ডারির মার। তার বিদায়ে ৮৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

চতুর্থ দিনের প্রথম সেশনে ৩২ ওভারে বাংলাদেশ স্কোর ছিল ৯০। প্রথম ইনিংসে সফরকারীরা করেছিল ৪৬৮ রান। আর জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ২৭৬ রানে।