‘সাকিব ব্যর্থ হলেই কী করে লোকজন সমালোচনা করার সাহস করে’

মুশফিকুর রহিমের থাকার কথা ছিল হারারেতে। কিন্তু বাবা-মায়ের করোনা আক্রান্তের খবরে দেশে ফিরে আসতে বাধ্য হন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে দেশে থাকলেও মুশফিকের মনটা নিশ্চয়ই হারাতেই পড়ে ছিল! দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ঠিকই। বাংলাদেশের সিরিজ জয়ের দিনে সাকিব ও দলকে শুভেচ্ছায় সিক্ত করেছেন মুশফিক।

রবিবার ২৪১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই বিপদ থেকে দলকে উদ্ধার করেন সাকিব আল হাসান। একপ্রান্তে দেয়াল হয়ে    দাঁড়িয়েছিলেন তিনি। জিম্বাবুয়ের কোনও বোলারই সাকিবের পরীক্ষা নিতে পারেননি। নাড়াতে পারেননি তার মনোবল। শেষ পর্যন্ত অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে দলের ৩ উইকেটের জয় নিশ্চিত করতে অসামান্য ভূমিকা রেখেছেন।

এমন ইনিংসের পর সাকিবের ভূয়সী প্রশংসা করেছেন মুশফিক। নিজেদের একটি ছবি ফেসবুকে পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সিরিজ জয়ের জন্য সবাইকে অভিনন্দন। ফর্ম অস্থায়ী তবে ক্লাস স্থায়ী! আমি কখনোই বুঝতে পারি না, সাকিব কয়েকবার ব্যর্থ হলেই কী করে লোকজন তার সমালোচনা করার সাহস করে?? তিনি কিংবদন্তি এবং বাংলাদেশের পক্ষে চিরকাল কিংবদন্তি হয়েই থাকবেন।  ওয়েলডান সাকিব, মাই বয়।’