জয় ও পরীক্ষা-নিরীক্ষা দুটোই চান হাথুরুসিংহে

চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জিম্বাবুয়ের সঙ্গে বছরের প্রথম টুর্নামেন্টটি খেলতে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ দলের প্রধান কোচ হাথুরুসিংহে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য সেরা কম্বিনেশন দাঁড় করাতে চান। সেই সঙ্গে জয়ও চান তিনি। বুধবার বাংলাদেশের অনুশীলন শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাপক পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্য থাকলেও জয় বঞ্চিত হতে চান না তিনি। প্রধান কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফি

এ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। এখানে অবশ্যই আমাদের জয়ের জন্যেই খেলতে হবে। যদিও আমাদের পরিকল্পনা এই ফরম্যাটে সেরা কম্বিনেশন দাঁড় করানো। এছাড়া ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের দিকেও ফোকাস থাকবে আমাদের। সব মিলিয়ে এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও যোগ করেন, ‘যদি কম্বিনেশনের দিক থেকে বলি, আমরা এ সিরিজে ভিন্ন কিছু করার চেষ্টা করবো। আমরা জয়ের জন্যে খেলব। তবে সঠিক কম্বিনেশন পেতে আমরা পরীক্ষাও চালাবো।’

ওয়ানডে ক্রিকেটের মতো এই ফরম্যাটে এখনও বাংলাদেশের সেরা কম্বিনেশন দাঁড় করানো যায়নি। এই সিরিজের মধ্যে দিয়ে সেটা কতটা সম্ভব এমন প্রশ্নে তিনি বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে আমরা আমাদের কম্বিনেশন তৈরি করতে পেরেছি। কিন্তু টি-টোয়েন্টিতে পারিনি। কম্বিনেশনের পাশাপাশি সঠিক গেম-প্ল্যানও বুঝতে হবে। এটা আমাদের জন্যে চ্যালেঞ্জিং, বিশেষ করে ব্যাটিংয়ে। এজন্য ব্যাটসম্যানদের বুঝতে হবে এবং তাদের নিজ ভূমিকা পালন করতে হবে।’

নতুন ক্রিকেটারদের কতটা সুযোগ থাকবে এ প্রশ্নে জাতীয় দলের এই কোচ বলেন, ''তারা প্রতিভা দেখিয়ে দলে সুযোগ পেয়েছে। সদ্য সমাপ্ত বিপিএলে ভালো পারফর্ম করেছে। ‘এ’ দলের জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরেও ভালো করেছে। নুরুল হাসান তার বিস্ফোরক ব্যাটিং ও কিপিংয়ের কারণে জায়গা পেয়েছে। এছাড়া এরই মধ্যে নুরুল হাসান কিপিংয়ের কারণে সবার প্রশংসা পাচ্ছে।''

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ভালো ক্রিকেট খেলেছে শুভাগত হোম। যার পুরস্কার হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ২টি টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি। তাকে নিয়ে কেমন ভাবনা, জানতে চাইলে হাথুরুসিংহে বলেন, ‘তার স্ট্রাইক রেট বেশ ভালো। ৭ কিংবা ৮ নম্বরে যারা ব্যাটিংয়ে আসে তারা টি-টোয়েন্টিতে ৬০ বল খেলবে এটা চিন্তা করা যায় না। দলের অন্যান্য ব্যাটসম্যানরা যদি ভালো করে তাহলে ১০-১৫ বল খেলার সুযোগ পাবে। এজন্য তাকে নেওয়া হয়েছে। এছাড়া ভালো বোলিং ও ফিল্ডিং করার দক্ষতাও তার রয়েছে। সামর্থ্যের প্রমাণ দেওয়ার জন্যে তাকে এ সিরিজে সুযোগ দেওয়া হয়েছে।’

এই ফরম্যাটে মাহমুদউল্লাহ ও মুশফিক কোন পজিশনে ব্যাট করবে জানতে চাইলে হাথুরুসিংহে বলেন, ‘তাদের জায়গাটা উন্মুক্ত। তারা দলের সিনিয়র ক্রিকেটার। অভিজ্ঞতার মূল্যায়ন সব সময়ই করা হয়। যদি খেয়াল করেন তাহলে দেখবেন টি-টোয়েন্টি ক্রিকেটে অভিজ্ঞ ক্রিকেটাররা ভালো করে। এ সিরিজে ভিন্ন কম্বিনেশন খুঁজে বের করা হবে। এশিয়া কাপে আমরা সেরা কম্বিনেশন জানতে পারব।’

/এমআর/