দুই অধিনায়কের একই সুর

মার্চ-এপ্রিলে ভারতের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। এখন হাতে প্রায় তিন মাস সময় থাকলেও বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই দলই এই টি-টোয়েন্টি সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে। দুই দলের অধিনায়ক ও কোচের মুখেও একই সুর। তারা বিশ্বকাপের আগে নিজেদের সেরা কম্বিনেশন বাছাই করতে চান। তবে জয় নিশ্চিত করেই পরীক্ষা-নিরীক্ষার কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি ও জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। ট্রফি হাতে মাশরাফি ও চিগুম্বুরা
জিম্বাবুয়ের সঙ্গে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি শুক্রবার বিকেল ৩টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ভেন্যুতে এর আগে একটি মাত্র টি-টোয়েন্টি হয়েছিল ২০০৬ সালে। সেবারও বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো জিম্বাবুয়ে। ওই ম্যাচে বাংলাদেশ ৪৩ রানে জিতেছিলো। টি-টোয়েন্টিতে বাংলাদেশের অভিষেক ম্যাচে বর্তমান অধিনায়ক মাশরাফি মর্তুজা সর্বোচ্চ ৩৬ রান করেছিলেন।

২০০৬ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর থেকে বাংলাদেশ এখন পর্যন্ত ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যার বেশিরভাগই হেরেছে লাল-সবুজরা। আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি ৩টি করে টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে। সবমিলিয়ে বাংলাদেশের মোট ১৩টি জয় ক্ষুদ্রতম ফরম্যাটের এই ক্রিকেটে। 

গত বছর দুর্দান্ত সময় কাটানো বাংলাদেশ এই জিম্বাবুয়ের বিপক্ষেই বছরের শেষ ম্যাচ হেরেছিলো। নতুন বছরের শুরুতেই বাংলাদেশ আবার মুখোমুখি এল্টন চিগুম্বুরার জিম্বাবুয়ের বিপক্ষেই। এই ম্যাচে নিয়ে দুই দলের চিন্তা ভাবনা প্রায় একই। 

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বলেন, ‘আমাদের প্রথম চিন্তা জয়। এরপর আমরা পরীক্ষা-নিরীক্ষায় যাবো। তবে এমন কিছু করবো না, যাতে করে হার দেখতে হয়। বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন খুঁজে বের করাটা এখন সময়ের দাবি।’ 

জিম্বাবুয়ের অধিনায়ক সংবাদ সম্মেলনে বলে গেলেন একই কথা। তিনি বলেন, 'আমরা অবশ্যই জয়ের জন্য খেলবো। সেই সঙ্গে বিশ্বকাপের কম্বিনেশন এবং প্রস্তুতি এই টুর্নামেন্টটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ 

এমনিতে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি পরিসংখ্যান ভালো না হলেও গত বছর বাংলাদেশ এই ফরম্যাটেও ভালো ক্রিকেট খেলেছে টাইগাররা। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সেখানে ৩টি ম্যাচেই জয় পায় লাল-সবুজরা। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ২টি ম্যাচে হেরেছে মাশরাফি বাহিনী। 

/এমআর/