রোহিতের টানা সেঞ্চুরিতে ভারতের বিশাল সংগ্রহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি করেছেন ওপেনার রোহিত শর্মা। তার সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে ৩০৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে সফরকারী ভারত। শুক্রবার গ্যাবায় টস জিতে ব্যাট করে ৮ উইকেটে ৩০৮ রান করেছে তারা।
খেলতে নেমে শুরুটা ভালো ছিল না ভারতের। মাত্র ৯ রানেই উইকেট হারায় ভারত। বিদায় নেন শিখর ধাওয়ান। তবে দ্বিতীয় উইকেটে ফের জুটি গড়েন রোহিত-কোহলি।
কোহলি ৫৯ রানে রান আউট হয়ে ফিরে গেলে ভাঙে ১২৫ রানের এই জুটি। এরপর রাহানের সঙ্গে ১২১ রানের জুটি গড়েন রোহিত শর্মা। এই জুটি গড়ে দেয় বিশাল রানের ভিত। যদিও দলীয় ২৫৫ রানে শর্মা ফিরে গেলে ভাঙে এই জুটি। রান আউট হয়ে ফেরার আগে ১২৭ বলে ১২৪ রান করেন রোহিম শর্মা। যেখানে ছিল ১১টি চার ও তিনটি ছক্কা।

দলকে ৩০০-রানের কাছাকাছি নিয়ে যাওয়ার পর বিদায় নেন দ্বিতীয় সর্বোচ্চ ইংনিংস খেলা রাহানে (৮৯)। তার ইনিংসটিতে ছিল ৬টি চার ও একটি ছক্কা। এর আগে অবশ্য অধিনায়ক ধোনি মাত্র ১১ রান করে বিদায় নেন। শেষের দিকে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় ৩০৮ রানে থামে সফরকারীরা।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন জেমস ফকনার।

/এফআইআর/