দ্য ওভালে ইংল্যান্ড-ভারতের চতুর্থ টেস্টের প্রথম দিনই যা অবস্থা। তাতে দিন যত গড়াবে, রোমাঞ্চের মাত্রা আরও বাড়বে এই টেস্টে। প্রথম দিনেই পতন হয়েছে ১৩টি উইকেটের। টস হেরে ভারত প্রথম ইনিংসে করতে পেরেছে মাত্র ১৯১ রান। জবাবে ইংল্যান্ডও খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই। ৫৩ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট! স্বাগতিকরা এখনও পিছিয়ে ১৩৮ রানে।
তৃতীয় টেস্টের মতো এই টেস্টের প্রথম ইনিংসটা আরও হতশ্রী হতে পারতো সফরকারীদের। ৬৯ রানে বিদায় নেন ৪ ব্যাটসম্যান। সেখান থেকে উত্তরণের মূল সহায়ক ছিলেন অধিনায়ক বিরাট কোহলি ও শার্দুল ঠাকুর। দুজনেই হাফসেঞ্চুরি করে ফিরেছেন। বাকিরা প্রতিরোধ গড়তে না পারায় ভারত প্রথম ইনিংস থেমেছে ১৯১ রানে। কোহলি অবশ্য হাফসেঞ্চুরির বেশি করতে না পারলেও শচীনের রেকর্ড ভেঙেছেন ঠিকই। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রান হয়ে গেছে ভারতীয় অধিনায়কের। কোহলির এই রান করতে লেগেছে ৪৯০ ইনিংস। শচীন টেন্ডুলকারের লেগেছিল ৫২২টি।
ইংলিশ পেসারদের মধ্যে ৫৫ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ক্রিস ওকস। তিনটি নিয়েছেন ওলি রবিনসন।
জবাবে ইংলিশদেরও শুরুতে কাঁপিয়ে দেন ভারতীয় পেসাররা। জসপ্রিত বুমরাহ একই ওভারে রোরি বার্নসকে বোল্ড ও হাসিব হামিদকে গ্লাভসবন্দি করান। জো রুট ও ডেভিড মালান মিলে ধাক্কা সামাল দিচ্ছিলেন। কিন্তু শেষ বিকালে ইংলিশ শিবিরের উদ্বেগ আরও বাড়িয়ে ছাড়েন উমেশ যাদব। ইংলিশ অধিনায়ক রুটকে ৩১ রানে বোল্ড করে কোহলির মুখে হাসি ফোটান তিনি। দিন শেষে ২৬ রানে অপরাজিত ডেভিড মালান। সঙ্গে ১ রানে ব্যাট করছেন ক্রেইগ ওভারটন।