২ উইকেট তুলে কিউইদের চাপে রেখেছে বাংলাদেশ

টস হারলেও বোলিংয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ১৬ রানের মধ্যেই তুলে নিয়েছে ২ উইকেট। চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৪৬ রান।

মিরপুরের পিচে প্রথম ওভার থেকেই টার্ন দেখা গেছে। আর এই স্পিনই বিপদ ডেকে আনে কিউইদের। নাসুম আহমেদের ঘূর্ণিতে পুরোপুরি পরাস্ত হন ওপেনার রাচিন রবীন্দ্র। শুরুর ওভারেই টপ এজ হয়ে এই ওপেনার ফেরেন শূন্য রানে।

পরের ওভারে আগ্রাসী হয়ে রান তুলেছিলেন ফিন অ্যালেন। বার বার রিভার্স সুইপকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছিলেন। ২.৪ ওভারে নাসুমের বলে এই রিভার্স সুইপই কাল হয়ে আসে তার। পয়েন্টে অ্যালেনের ক্যাচ তুলে নেন সাইফ। অ্যালেন ৮ বলে ১২ রানে ফিরেছেন। তাতে পাওয়ার প্লেতে কিউইদের চাপে রাখতে পেরেছে বাংলাদেশ। ক্রিজে বাম-ডান কম্বিনেশন রাখতে ল্যাথাম আগে নেমে ব্যাট করছেন (২১)। সঙ্গী হয়েছেন উইল ইয়াং (১৩)। দুজনেই খেলছেন ধীর গতিতে। এ সময় অবশ্য দুটি ভুল রিভিউ নিয়ে দুটিই হারিয়েছে স্বাগতিকরা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজও একই একাদশ নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা। নিউজিল্যান্ড একাদশে পরিবর্তন দুটি। জ্যাকব ডাফি ও স্কট কুগলেইনের বদলে ঢুকেছেন হামিশ ব্যানেট ও ব্লেয়ার টিকনার।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকনকি, এজাজ প্যাটেল, হামিশ ব্যানেট ও ব্লেয়ার টিকনার।