বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন কিউই পেসারের

স্লো ও টার্নিং উইকেট বানিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ। একই ছকে নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা। বড় দুটি দলের বিপক্ষে এমন জয়ের পরও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার মিচেল ম্যাকক্লেনাঘান। টুইটারে তিনি প্রশ্ন রাখেন, এভাবে জিতে বাংলাদেশের ভবিষ্যৎ কতদূর?

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টানা ৯ ম্যাচ হয়েছে। যেখানে সর্বোচ্চ রান ১৪১, সিরিজের তৃতীয় ম্যাচে কিউইরা করেছিল। বাকি ম্যাচগুলোর বেশিরভাগই লো স্কোরিং। আগের সিরিজে অজিরা ৬২ রানে অলআউট হওয়ার পর কিউইরা প্রথম ম্যাচে ৬০ রানে অলআউট হয়েছিল। বুধবার ফের একশোর নিচে অলআউট হয় সফরকারীরা। টি-টোয়েন্টির ‘আদর্শ’ চার-ছক্কার ফুলঝুরি দেখা যাচ্ছে না মিরপুরে।

এভাবে জিতেও দীর্ঘমেয়াদে ভালো দল হয়ে ওঠা সম্ভব কিনা, এমন প্রশ্নই রেখেছেন ম্যাকক্লেনাঘান। কিউই পেসারের টুইট, ‘মেনে নিচ্ছি হোম কন্ডিশনের সুবিধা নেওয়া যেতেই পারে, কিন্তু এই কন্ডিশনে খেলে বাংলাদেশ কি দীর্ঘমেয়াদি উন্নতি করতে পারবে?’

শুধু ম্যাকক্লেনাঘানই নন, ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও এমন উইকেটে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি যথাযথ হচ্ছে কিনা প্রশ্ন রেখেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি ঠিক বুঝতে পারছি না বাংলাদেশ, শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে; সেটা তাদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য ভালো হবে কিনা!’