দু প্লেসি-তাহিরকে বাদ দিয়ে প্রোটিয়াদের দল

বেশ কিছু নাম বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট থেকে অবসর নিলেও সাদা বলের ক্রিকেট খেলতে আগ্রহী ছিলেন ফাফ দু প্লেসি। কিন্তু কুড়ি ওভারের পরিকল্পনাতে এই অভিজ্ঞ ক্রিকেটারকে রাখেনি নির্বাচকরা।

৩৭ বছর বয়সী ফাফ দু প্লেসির মতো জায়গা হয়নি লেগ স্পিনার ইমরান তাহিরের। ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নিলেও সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট খেলে যাচ্ছিলেন। বাদ পড়াদের তালিকায় রয়েছেন সিম বোলিং অলরাউন্ডার ক্রিস মরিসও। 

সম্প্রতি শ্রীলঙ্কা সিরিজে আঙুল ভেঙে ফেলায় অধিনায়ক তেম্বা বাভুমার খেলা নিয়ে এক প্রকার শঙ্কা ছিল। কিন্তু বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবেন বলে দলটির নেতৃত্বে দেখা যাবে তাকেই। জায়গা পেয়েছেন টি-টোয়েন্টিতে অভিষেক না হওয়া কেশব মহারাজ। বামহাতি এই স্পিনার অবশ্য টেস্ট-ওয়ানডে খেলেছেন।  

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়র্ন ফরটুইন, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, আইনরিখ নর্কিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডাসেন।

রিজার্ভস: জর্জ লিন্ডে, আন্দিলে ফেহলুকোয়াও, লিজার্ড উইলিয়ামস।