বিশ্বকাপ অভিযানে আফগান সিরিজের গুরুত্ব তুলে ধরলেন আইচ

আকবর-শামীমরা যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের উত্তরসূরিদের দিয়ে দারুণ কিছু পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু করোনার কারণে পরিকল্পনার কিছুই বাস্তবায়ন হয়নি। ফলে দেড় বছর পর প্রথম কোনও সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে টানা তিন জয়ে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা।  এই জয় বিশ্বকাপের প্রস্তুতিতে ভূমিকা রাখবে বলে মনে করেন সেঞ্চুরিয়ান আইচ মোল্লা।

আজ (মঙ্গলবার) সিলেটে টপ অর্ডার ব্যাটসম্যান আইচের সেঞ্চুরিতে বড় স্কোর গড়ে স্বাগতিকরা। ১৩০ বলে আইচের খেলা ১০৮ রানের ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ ২২২ রানের সংগ্রহ দাঁড় করায়। আইচের ব্যাটের পর বল হাতে আফগান তরুণদের বিপদে ফেলেন নাঈমুর রহমান। তাতেই বাংলাদেশ ১২১ রানের বড় জয়ে সিরিজ নিশ্চিত করে।

এমন জয়ের পর আইচ বলেছেন, ‘খুব ভালো লাগছে, অনেকদিন পর আমরা সিরিজ খেলার সুযোগ পেয়েছি। এটা আমাদের প্রথম সিরিজ। আমাদের কোচিং স্টাফরা আমাদের নিয়ে অনেক চেষ্টা করছেন। তাদের সাপোর্ট আমাদের অনেক সাহায্য করছে ভালো খেলতে। সবাই দোয়া করবেন, আমরা যেন খেলাটা ধরে রাখতে পারি।’

নিজের সেঞ্চুরি নিয়ে তরুণ এই ব্যাটসম্যান বলেছেন, ‘সেঞ্চুরি করেছি। খুব ভালো অনুভূতি। আমার চেষ্টা ছিল শুরু থেকেই…।’

সেঞ্চুরিতে রাঙানো ইনিংস খেলার এই জয়গুলোকে বিশ্বকাপের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ মনে করছেন আইচ, ‘বিশ্বকাপের আগে এই জয়গুলো আমাদের সাহায্য করবে। আমরা যেন বিশ্বকাপে ভালো করতে পারি, সেজন্য কঠোর পরিশ্রম করছি।’