বিসিবি নির্বাচন

সুজন পেলেন ৩৭ ভোট, ফাহিমের বাক্সে মাত্র তিনটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একটি পদের জন্য লড়াই হয়েছে দুই প্রার্থীর। এই ক্যাটাগরিতে বড় ব্যবধানে জয়ী হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তিনি হারিয়েছেন নাজমুল আবেদীন ফাহিমকে।

বেসরকারিভাবে সুজনকে জয়ী ঘোষণা করা হয়েছে। সাবেক এই অধিনায়ক পেয়েছেন ৩৭ ভোট, আর ফাহিম পেয়েছেন মাত্র ৩ ভোট। এই ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৪৩ জন।

আজ (বুধবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। তিন নম্বর ক্যাটাগরিতে একটি পদের জন্য প্রার্থী ছিলেন দুইজন। সবাইকে চমকে দিয়ে সুজনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের সাবেক ন্যাশনাল ম্যানেজার ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ফাহিম। নির্বাচনের আগে এই ক্যাটাগরি নিয়ে ছিল ব্যাপক আলোচনা। যদিও নির্বাচন হয়েছে একপেশে। দুজনের ব্যবধান অনেক।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিন নম্বর ক্যাটাগরিতে ভোটারের সংখ্যা ৪৩ জন। সুজন ভোট পেয়েছেন ৩৭টি। অন্যদিকে ফাহিম পেয়েছেন ৩ ভোট। ফলে সাবেক অধিনায়ক সুজন বেসরকারিভাবে তৃতীয়বারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হলেন।

হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে ফাহিম লিখেছেন, ‘৪৩ ভোটের মধ্যে তিনটি পেয়েছি। কিন্তু আমি বিব্রতবোধ করছি না।’