শ্রীলঙ্কায় ২০ দিনে পাঁচ ওয়ানডে, প্রথম বিদেশ সফর ‘ছোট’দের

পাঁচটি ওয়ানডে খেলতে আগামীকাল (বৃহস্পতিবার) শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ২০ দিনের সফরের জন্য আজ (বুধবার) ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবশেষ আফগানিস্তান সিরিজ থেকে বাদ পড়েছেন খালিদ হাসান, আশরাফুল ইসলাম সিয়াম ও শামসুল ইসলাম ইপন। যদিও এর মধ্যে খালিদ হাসান ও আশরাফুল ইসলামকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছেন নির্বাচকরা। আর দলে প্রথমবার সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার আহসান হাবিব লিওন।

বৃহস্পতিবার কলম্বো পৌঁছে বাংলাদেশ সরাসরি চলে যাবে ডাম্বুলায়। তিন দিনের রুম কোয়ারেন্টিন পর ১১ অক্টোবর থেকে অনুশীলন শুরু করবে যুবারা। চার দিনের অনুশীলনের পর মূল মঞ্চে নামবে সফরকারীরা।

ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে ১৫ অক্টোবর। পরের চারটি ম্যাচ যথাক্রমে- ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। ২৬ অক্টোবর দেশে ফিরে আসবে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশের বর্তমান যুব দলের এটিই প্রথম বিদেশ সফর। করোনার কারণে দেড় বছর পর কোনও বিদেশ সফরে যাচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, এসএম মেহেরব হোসেন (অধিনায়ক), আইচ মোল্লা (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আহসান হাবিব লিওন, মোহাম্মদ গোলাম কিবরিয়া।

স্ট্যান্ডবাই: মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম, আরিফ আহমেদ অনিক, মোহাম্মদ সাকিব শাহরিয়ার, মাহফুজুর রহমান রাব্বি।