বাংলাদেশ ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ দুই ম্যাচ খেলেছে এবং দুটিতেই হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের অবস্থাও ঠিক একই। দুই ম্যাচে দুই হার। এই দল দুটিই আগামীকাল (শুক্রবার) মুখোমুখি হচ্ছে। শারজার এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন। ডান পায়ের চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ওবেড ম্যাককয়ের। তার জায়গায় ক্যারিবিয়ানরা মূল দলে নিয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে।

ইংল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ৫৫ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচেই ডান পায়ে চোট পান বাঁহাতি পেসার ম্যাককয়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে তার বিশ্বকাপ শেষ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর জানানোর সঙ্গে নিশ্চিত করেছে হোল্ডারের অন্তর্ভুক্তির বিষয়টি।

মূল স্কোয়াডে না থাকলেও বিশ্বকাপের রিজার্ভ দলে ছিলেন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১৯৯ ম্যাচ খেলা সাবেক অধিনায়ক এখন মূল ১৫ দলের সদস্য। বাংলাদেশ ম্যাচে নামার ছাড়পত্র পেয়েছেন তিনি।

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দারবাদে হয়ে খেলায় সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন সম্পর্কে তার খুব ভালো জানা। হোল্ডারের এই অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটকিপার), ডোয়াইন ব্রাভো, রোস্টন চেস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেইন, এভিন লুইস, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশানে থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।