দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের বদলে শামীম

হ্যামস্ট্রিংয়ের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের। ফলে বিশ্বসেরা অলরাউন্ডারের দক্ষিণ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুটি ম্যাচ খেলা হচ্ছে না। তাই মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের বিকল্প হিসেবে মাঠে নামতে যাচ্ছেন যুব বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার শামীম হোসেন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

বিশ্বকাপে শামীমের অভিষেক প্রসঙ্গে ডমিঙ্গো বলেছেন, ‘সাকিব না থাকা অবশ্যই বড় ক্ষতি। দলের ভারসাম্যের জন্য বড় ক্ষতি। সে না খেললে একজন বোলার বা ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হয়। কিংবা অনিয়মিত বোলার নিয়ে খেলতে হয়। একই সঙ্গে চাপের সময়ে নেতৃত্ব ও যে স্থিরতা সে দলে এনে দেয়, সেই দিকটারও ক্ষতি হয়। এটা হয়তো কারো জন্য সুযোগ। কাল হয়তো কারো বিশ্বকাপ অভিষেক হতে পারে।’

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও একাদশে থাকছেন না উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হয়নি তার। সোহানকে নিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘সোহান কালকের (মঙ্গলবার) ম্যাচ খেলার মতো ফিট হবে না। শামীম ও সৌম্য সরকার, আমাদের দুই ব্যাকআপ ব্যাটসম্যান থাকবে একাদশে।’