আগামী ১৬ নভেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। সম্ভাব্য টি-টোয়েন্টি দল নিয়ে বিসিবির নির্বাচক প্যানেলের তিন সদস্য বৈঠকে বসেছিলেন। সেখানে যোগ দিয়েছিলেন টিম ডিরেক্টরের দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজনও। এরপরও ইতিবাচক কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা!
বুধবার অনুষ্ঠিত বৈঠক নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বললেন, ‘আমরা এখনও দল চূড়ান্ত করিনি। ফরম্যাট অনুযায়ী শুধু নিজেদের এবং প্রতিপক্ষের শক্তি এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। বেশ কিছু পরিবর্তন আনবো। তবে মাথায় রাখতে হচ্ছে খেলাটা আমাদের নিজেদের মাটিতে হচ্ছে। এখানে কে কতটা ভালো করতে পারে, সেটা বিবেচনা করতেই হচ্ছে।’
শুক্রবার থেকে শুরু হবে জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন। এবার কোয়ারেন্টিন না থাকায় আস্তে ধীরে দল ঘোষণা করলেও সমস্যা নেই। সিরিজ শুরুর আগে কোভিড টেস্ট করিয়ে হোটেলে উঠবেন ক্রিকেটাররা। ফলে দল সাজাতে নির্বাচকরা শেষ মুহূর্ত পর্যন্ত সময় পাচ্ছেন।
বিশ্বকাপে ব্যর্থতার পর দলে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছিল আগেই। তবে প্রধান নির্বাচকের কথায় মনে হচ্ছে, সেখান থেকে তারা সরে আসছেন! এক প্রশ্নের জবাবে মিনহাজুল আবেদীন বলেছেন, ‘দলে বড় আকারের পরিবর্তনের জন্য আগের দুই সিরিজের পারফরম্যান্স মূল্যায়ন করতে হচ্ছে। এটা ঠিক আমাদের বিশ্বকাপের পারফরম্যান্স খুব বাজে ছিল এবং আমরা সবাই কষ্ট পেয়েছি। কিন্তু বর্তমান স্কোয়াডের প্রত্যেককে নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এই দলটাই কিন্তু দুই মাস আগে আমাদের সিরিজ জিতিয়েছিল।’