আরেকটি সফর, আরেকবার আশায় বুক বাঁধা। জয় অধরা থাকা নিউজিল্যান্ডে আরেকটি সফর চূড়ান্ত হয়েছে। ২০২২ সালের জানুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। নতুন বছরে ঘরের মাঠের সিরিজের সূচি চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সেখানেই জানানো হয়েছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের সূচি ও ভেন্যু।
নতুন বছরের প্রথম দিনেই টেস্ট সিরিজে নামবে মুমিনুল হকরা। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু ১ জানুয়ারি থেকে। ভেন্যু মাউন্ট মঙ্গানুই। এই মাঠে সীমিত ওভারের ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকলেও লাল বলের ক্রিকেটে প্রথমবার নামার অপেক্ষায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট ৯ থেকে ১৩ জানুয়ারি, ভেন্যু ক্রাইস্টচার্চ। এই মাঠে নিয়মিতই খেলে আসছে বাংলাদেশ দল।
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্ট খেলতে নিউজিল্যান্ডে যাবে মুমিনুলরা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হবে ৮ ডিসেম্বর। এরপরই নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে দল। যেখানে কোনও ফরম্যাটে কোনও জয় নেই। বিশেষ করে, টেস্টে সবচেয়ে বেশি খারাপ অবস্থা। এবার সেই ফরম্যাটেই শুধু খেলতে যাচ্ছে বাংলাদেশ।
এ বছরের মার্চে সবশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছিল। অবশ্য টেস্ট ছিল না কোনও। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে খেলা ৩২ ম্যাচের সবকটিতে হেরেছে বাংলাদেশ!
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ:
১-৫ জানুয়ারি: প্রথম টেস্ট, মাউন্ট মঙ্গানুই
৯-১৩ জানুয়ারি: দ্বিতীয় টেস্ট, ক্রাইস্টচার্চ