এবার বোলারের ভূমিকায় লিটন!

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তান সিরিজ থেকে বাদ পড়েছেন লিটন দাস। ফাঁকা সময়টায় রংপুর বিভাগের হয়ে জাতীয় ক্রিকেট লিগ খেলছেন। সবচেয়ে অবাক করার বিষয়টি হলো এই ম্যাচে তিনি ব্যাটারের পাশাপাশি বোলারের ভূমিকাতেও ছিলেন!

অথচ পুরো ক্যারিয়ারেই তার পরিচয় একজন উইকেটকিপার ব্যাটার হিসেবে। হয়তো নিশ্চিত ড্রয়ের ম্যাচ বলেই ৩ ওভার বোলিং করে নিজেকে পরখ করে নিলেন।

বুধবার বিকেএসপিতে অনুষ্ঠিত ঢাকা ও রংপুরের ম্যাচটি পরে নিষ্প্রাণ ড্রতেই নিষ্পত্তি হয়েছে। তবে পঞ্চম রাউন্ডের এই ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেননি লিটন। প্রথম ইনিংসে ২৪ রান করে আউট হয়েছেন। ৪৭ বলে ৩ চারে তিনি নিজের ইনিংসটি সাজান। এর পর বোলিংও করতে আসেন। রংপুরের হয়ে নবমতম বোলার হিসেবে বোলিং করেন লিটন এ সময়।

নিশ্চিত ড্রয়ের পথে অধিনায়ক আকবর আলী বল তুলে দেন লিটনের হাতে। অফস্পিনার লিটনের প্রথম বলটি খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। তার পর স্কয়ার লেগে ঠেলে দিয়ে নেন ১ রান। তবে লিটনের টানা তিন বলে কোনও রান তুলতে পারেননি হাফসেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকা আব্দুল মজিদ।

প্রথম ওভার ভালো হয়েছে বলেই হয়তো দ্বিতীয় ওভারেও বোলিং করেন লিটন, তবে এবার দিয়েছেন ৫টি সিঙ্গেল। নিজের তৃতীয় ওভারে বল করতে এসে দিয়েছেন সাত রান। চতুর্থ বলে লং অনের ওপর দিয়ে লিটনকে বিশাল ছক্কা মেরেছেন অঙ্কন। 

সবমিলিয়ে ৩ ওভার বল করেন লিটন। রান দিয়েছেন ১৪টি। তবে কোনও উইকেট পাননি।