দর্শক-কাণ্ডে বিসিবি এখন কী করবে

নর্দার্ন গ্যালারি থেকে এক দর্শক গ্রিল টপকে মাঠে ঢুকে পড়েন। মাঠে ঢুকেই ওই দর্শক সোজা চলে যান মূল উইকেটের কাছে মোস্তাফিজুর রহমানকে লক্ষ্য করে। শুরুতে মোস্তাফিজ ভড়কে গেলেও পরে দর্শকের মাথায় হাত বুলিয়ে দেন। এই ঘটনায় নিরাপত্তার দেয়াল তো ভাঙলোই, একই সঙ্গে বায়ো বাবলও তো আর থাকলো না!

করোনার সময়ে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করা হচ্ছে বায়ো বাবল বা জৈব সুরক্ষা বলয় তৈরি করে। যেখানে খেলোয়াড় ও খেলার সঙ্গে সংশ্লিষ্ট লোকজন বাদে কারও প্রবেশের অনুমতি নেই। সেখানে এক দর্শকের হঠাৎ মাঠে ঢুকে পড়া চরম এক ধাক্কাই।

ওই ঘটনার পর এক বল করেই মাঠ ছাড়েন মোস্তাফিজ। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী মাঠে না থাকায় ঠিক কী কারণে মোস্তাফিজকে তুলে নেওয়া হয়েছে, সেটি বিস্তারিতভাবে বলতে পারেননি। তবে এই ঘটনায় করণীয় সম্পর্কে ধারণা দিয়েছেন বিসিবির এই চিকিৎসক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমরা মনে করছি না এতে বড় কোনও ঝুঁকি আছে। কারণ এত বেশি ক্লোজ কন্ট্রাক্ট হয়নি। যেহেতু গ্যালারিতে আসা দর্শকরা সবাই ভ্যাকসিন নিয়েছেন এবং ঘটনাটা ওপেন এয়ার হয়েছে, কাজেই সেরকম ঝুঁকি নেই। তবে যেহেতু একটা ঘটনা ঘটেছে, আমি যতটুকু বুঝতে পারছি সবারই একটা কোভিড-১৯ পরীক্ষা করতে হবে।’

দেবাশিষ আরও বলেছেন, ‘কোভিড প্রটোকোল ম্যানেজার আছে, আইসিসির লোক আছে। তারা মিলে সিদ্ধান্ত নেবেন।’