এমসিএল সূচিতে পরিবর্তন, ঝামেলায় পড়েছে পিএসএল!

মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগের (এমসিএল) কর্তৃপক্ষের সঙ্গে বেশ ভালোভাবে ঝামেলা জড়িয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সম্প্রতি এমসিএল-এর সূচি পরিবর্তন করাতে পিএসএল- এর আয়োজন নিয়ে বেশ বিপাকেই রয়েছে টুর্নামেন্টের আয়োজকরা। বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন পিএসএল চেয়ারম্যান নাজাম শেঠি।
তিনি বলেছেন, ‘এমসিএল নতুন সূচি অনুযায়ী ২৮ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। যেটা পিএসএল এর সূচির সঙ্গে সাংঘর্ষিক। আর এই সূচি পরিবর্তনের ফলে আমরা খুব বেশি খুশি হতে পারিনি।’
এমসিএল ও পিএসএল একই জায়গায় অনুষ্ঠিত হবে দেখে আগেই এ নিয়ে দুই টুর্নামেন্ট কর্তৃপক্ষ সমঝোতা চুক্তি সই করেছিল। এ প্রসঙ্গে নাজাম শেঠি আরও বলেন, ‘আমরা আগেই তাদের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছি। সেই অনুযায়ী তারা ২৪ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল। কিন্তু তারা সেটা পরিবর্তন করেছে। শুধু তাই নয় ভেন্যুরও পরিবর্তন করেছে তারা। দুবাই ও আবু ধাবিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তারা এখন সেটা দুবাই ও শারজাহতে আয়োজন করতে যাচ্ছে। আর এখানেই পিএসএল এর ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা।’

নামাম শেঠি জানান সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে এমসিএল বেশি টাকার প্রস্তাব দেওয়াতেই এমনটি করেছে তারা। তবে শেঠি জানিয়েছেন, বিষয়টি সফলভাবে মোকাবেলা করেই পিএসএল আয়োজন করবেন তারা।

/এফআইআর/