ইতিহাসের পাতায় এজাজ প্যাটেল

মুম্বাইতে ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। ইনিংসে দশ উইকেট নিয়ে জেমস লেকার-অনিল কুম্বলের সঙ্গী হয়েছেন বাঁহাতি এই স্পিনার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তার স্পিন বিষে নীল হয়েছে ভারত। এক প্যাটেলকেই ইনিংসের সবগুলো উইকেট দিয়েছেন স্বাগতিক ব্যাটাররা। প্রথম ইনিংসে ৩২৫ রান তুললেও কিউই স্পিনারকে তারা ভালোভাবে খেলতেই পারেনি। প্যাটেল ৪৭.৫ ওভারে ১১৯ রান খরচায় ভারতের সবগুলো উইকেট তুলে নিয়েছেন।

ক্রিকেটের পথচলার ৭৯ বছর পর কীর্তিটা গড়েছিলেন ইংল্যান্ডের স্পিনার জিম লেকার। ১৯৫৬ সালে ইংলিশ অফস্পিনার লেকার প্রথমবার ইনিংসে দশ উইকেট নিয়ে এই কীর্তি গড়েছিলেন। ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৫৬ সালে লেকার ৫১.৪ ওভার বোলিং করে ৫৩ রানে ১০ উইকেট নেন। 

৪৩ বছর পর লেকারের রেকর্ডে ভাগ বসান ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলেও। ১৯৯৯ সালে দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে ২৬.৩ ওভার বোলিং করে ৭৪ রান খরচায় দশ উইকেট নিয়েছিলেন তিনি। গত ২২ বছর তাদের দু’জনের এই রেকর্ডে কেউই ভাগ বসাতে পারেননি। অবশেষে শনিবার তৃতীয় বোলার হিসেবে নিউজিল্যান্ডের স্পিনার প্যাটেল এমন কীর্তি গড়লেন।

এটি কেবল বাঁহাতি এই স্পিনারের সেরা বোলিং-ই নয়, নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসেও এটা সেরা বোলিং ফিগার। ৩৩ বছর আগে রিচার্ড হ্যাডলি নিউজিল্যান্ডের  হয়ে সর্বোচ্চ ৯ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। এবার তাকেও ছাড়িয়ে গেলেন তার স্বদেশি। ১৯৮৫ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাবেক এই পেসারের নেওয়া ৯ উইকেট ছিল নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সেরা বোলিং। ইনিংসে ৯ উইকেট নেওয়ার কৃতিত্ব অনেকের থাকলেও মাত্র তিনজন বোলার ইনিংসে দশ উইকেট নেওয়ার সুযোগ পেয়েছেন।