তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসে পাকিস্তান দল। অ্যাওয়ে সিরিজ হলেও বাংলাদেশে সমর্থন পেয়েছে তারা। এজন্য বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক দর্শকের পাশাপাশি পাকিস্তানি সমর্থকদেরও দেখা মেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে। টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নিয়ে উৎসব করতে দেখা গেছে বাংলাদেশি দর্শকদেরও। কেউ কেউ তো আবার পাকিস্তানের পতাকা নিয়েও হাজির হয়েছিলেন! হুট করে দেখে বোঝার উপায় ছিল না এটি বাংলাদেশের কোনও গ্যালারি। দর্শকদের এমন সমর্থন দেখে পাকিস্তানের ব্যাটার ফখর জামান তো বলেই দিয়েছিলেন, তার মনেই হচ্ছে না তিনি বাংলাদেশে খেলতে এসেছেন!
টেস্ট সিরিজ শেষে এবার পাকিস্তান অধিনায়ক বাবর বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ দিলেন। বাংলাদেশের ক্রিকেটভক্তদের কাছ থেকে সমর্থন পেয়ে আনন্দিত তিনি। পাকিস্তানি অধিনায়ক টেস্ট সিরিজ শেষে বলেছেন, ‘দর্শকরা আমাদের টি-টোয়েন্টিতে ও টেস্ট ম্যাচে যেভাবে সমর্থন করেছেন, সেটা খুবই উপভোগ্য ছিল। এখানে আগেও ক্রিকেট খেলেছি। এখানকার (বাংলাদেশের) মানুষ আমাদের খুবই ভালোবাসে, সমর্থন করে। সেজন্য সবাইকে ধন্যবাদ।’
৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে পাকিস্তান। সিরিজ হারলেও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে লড়াই করেছিল বাংলাদেশ। কিন্তু দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের পারফরম্যান্সে লড়াইয়ের ছিটেফোঁটাও ছিল না। বৃষ্টি ও আলোর স্বল্পতায় ঢাকা টেস্টে আড়াই দিন খেলা না হওয়ায় পরও ম্যাচ বাঁচাতে পারেননি মুমিনুল-সাকিবরা। ইনিংস ও ৮ রানে হেরেছে বাংলাদেশ।