ভারতীয় ক্রিকেটে অন্যরকম এক লড়াই চলছে। দেশটির সেরা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর কথার মিল নেই। দুজনের কথা দুই মেরুর। এই অবস্থায় কে মিথ্যা বলছেন, এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। যদিও দলটির সদ্য সাবেক কোচ রবি শাস্ত্রী মিথ্যা খুঁজতে রাজি নন, তিনি শুধু সত্যটাই জানতে চান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এই ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন কোহলি। সেই অনুযায়ী বিশ্বকাপের পর আর কুড়ি ওভারের ফরম্যাটের নেতৃত্বে নেই তিনি। তবে বিসিসিআই নিয়েছে আচমকা এক সিদ্ধান্ত। কোহলিকে ওয়ানডে অধিনায়ক থেকেও সরিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। এ নিয়েই কোহলি ও বিসিসিআই সভাপতি সৌরভের পাল্টাপাল্টি বক্তব্য।
সৌরভ জানিয়েছেন, সাদা বলের ফরম্যাটে একজন অধিনায়ক রাখতেই কোহলিকে সরিয়ে দেওয়া হয়েছে ওয়ানডের নেতৃত্ব থেকে। একই সঙ্গে দাবি করেন, ভারতীয় ব্যাটারকে টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে থাকার অনুরোধ করেছিলেন তারা। যদিও কোহলির বক্তব্য ভিন্ন। তার দাবি, বিসিসিআই থেকে কোনও প্রকার অনুরোধ করা হয়নি।
এই অবস্থায় আসলে কে মিথ্যা বলছেন, তা ভারতের সাবেক ক্রিকেটারদের অনেকেই জানতে চেয়েছেন। যদিও শাস্ত্রী কেবল সত্যটাই জানতে চান। ভারতের এক সংবাদমাধ্যমে সাবেক এই অলরাউন্ডার বলেছেন, ‘প্রশ্ন হলো, সত্য কোনটা। যদি সত্যটা জানতে চান, তাহলে পথ একটাই- আলোচনা ও যোগাযোগ। ভালো যোগাযোগের মাধ্যমে আরও ভালোভাবে ব্যাপারটা সমাধান করা যেতো। কোহলি তার পক্ষের গল্পটা বলেছে, এখন (বিসিসিআই) সভাপতিকে তার দিকটা পরিষ্কার করতে হবে কিংবা আসলে কী ঘটেছিল, সেটার স্বচ্ছতা দেখাতে হবে।’