বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) লংগার ভার্সনের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি। ফাইনালের পর বিসিএলের এই চার দল নিয়ে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। এই ফরম্যাটে খেলবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান।
জাতীয় দলের তিন তারকার ওয়ানডেতে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেছেন, ‘৯ জানুয়ারি থেকে সিলেটে বিসিএলের ওয়ানডে ফরম্যাটের খেলা শুরু হওয়ার কথা। এই ফরম্যাটে তামিম, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজও খেলবে।’
তামিমকে এবারের আসরে রিটেইন করেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। আর মাহমুদউল্লাহকে বিসিবি উত্তরাঞ্চল ও মোস্তাফিজকে দলে নিয়েছে বিসিবি দক্ষিণাঞ্চল।
তামিম অনেকদিন ধরেই খেলার বাইরে আছেন। গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে শেষবার খেলেছেন। এদিকে ইনজুরি কাটিয়ে মোস্তাফিজও মাঠে ফেরার অপেক্ষায়। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মেরুদণ্ডে চোট পান তিনি।