প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি ল্যাথামের উইকেট

নিউজিল্যান্ডের কন্ডিশনে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। টস জিতে মুমিনুল হকের বোলিং নেওয়ার যথার্থতা ফুটে উঠে ইনিংসের চতুর্থ ওভারেই। টম ল্যাথামকে ফিরিয়ে আনন্দের মুহূর্ত এনে দেন শরিফুল ইসলাম্। তবে শুরুর ওই সাফল্য রঙিন হতে পারেনি। আর কোনও বিপদ ছাড়াই প্রথম সেশন পার করে দিয়েছে নিউজিল্যান্ড।

মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নামা কিউইরা প্রথম দিনের লাঞ্চের আগে ২৭ ওভারে ১ উইকেটে করেছে ৬৬ রান। শুরুর ধাক্কা সামলে দারুণভাবে স্বাগতিকদের এগিয়ে নিচ্ছেন ডেভন কনওয়ে (৩৬*) ও উইল ইয়ং (২৭*)।

নতুন বছরে উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। শরিফুলের হাত ধরে আসে প্রথম উইকেট। এই পেসারের বলে ২০২২ সালের প্রথম দিনে মাউন্ট মঙ্গানুইয়ে খেলতে নামা স্বাগতিকরা চতুর্থ ওভারেই উইকেট উদযাপন করেছে। লিটন দাসের দুর্দান্ত ক্যাচ হয়ে ফিরে গেছেন অধিনায়ক টম ল্যাথাম।

কেন উইলিয়ামসনের চোটে অধিনায়কের দায়িত্ব উঠেছে ল্যাথামের কাঁধে। চাপটা ব্যাটিংয়ে হয়তো নিতে পারলেন না এই ওপেনার। শরিফুলের বলে শুরুতেই ঘায়েল তিনি। বল তার ব্যাটের কানায় লেগে গেলে ঝাঁপিয়ে এক হাতে দেখার মতো এক ক্যাচ নিয়েছেন উইকেটকিপার লিটন। ফেরার আগে ল্যাথাম করেন মাত্র ১ রান।

তিন পেসার ও এক স্পিনার খেলানোর ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। মূল একাদশে সেটিরই প্রতিফলন। তিন পেসার- তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলামের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ। সাদমান ইসলামের ওপেনিং পার্টনার মাহমুদুল হাসান জয়। দীর্ঘ ব্যাটিং লাইনআপে সাত নম্বরে আছেন ইয়াসির আলী।

নিউজিল্যান্ড নেমেছে চার বিশেষজ্ঞ পেসার- কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্টকে নিয়ে। স্পিন আক্রমণে থাকা রাচিন রবীন্দ্র ব্যাট হাতেও অবদান রাখার সামর্থ্য রাখেন।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।