নিউজিল্যান্ডের কন্ডিশনে কেবল বাংলাদেশ নয়, খাবি খায় অন্য দলগুলোও। এমনকি মাউন্ট মঙ্গানুইয়ের ইতিহাসও নিউজিল্যান্ডের পক্ষে। অথচ এমন বিরূপ কন্ডিশনে সফরকারী বাংলাদেশ নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে চলেছে। আজ (মঙ্গলবার) চতুর্থ দিনের শেষ বিকালে এবাদত হোসেনের ঝড়ে খরকুটোর মতো উড়ে গেছে কিউইরা। শেষ দিনের প্র্রথম ঘণ্টার পারফরম্যান্সে নির্ভর করছে ম্যাচের ভাগ্য। বাংলাদেশ দলের ভাবনাটা সহজ ও স্পষ্ট- প্রতিপক্ষকে অল্পতে আটকানো। যদিও কিউইদের চেপে ধরাতে মোটেও আকাশে উড়ছে না সফরকারীরা।
চতুর্থ দিনের খেলা শেষে ১৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। হাতে ৫ উইকেট নিয়ে বুধবার পঞ্চম ও শেষ দিনে মাঠে নামবে তারা। তবে এই মুহূর্তে সুবিধাজনক জায়গায় বাংলাদেশ। পঞ্চম দিনে নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে লিটন দাস বলেছেন, ‘দেখেন এটা খুবই সহজ বিষয়। কাল (বুধবার) নতুন দিন। কাল উইকেট অতটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ যত দিন যাচ্ছে, উইকেটের কিছু না কিছু কাজ করছে। আমাদের চেষ্টা থাকবে যত কমে তাদের অলআউট করে দেওয়া যায় এবং যেন রানটা চেজ করা যায়। কারণ যত কম দেবো ওই রানটা আমাদের চেজ করতে হবে।’
লিটন জানালেন, শেষ দিনে যে লক্ষ্যেই দেওয়া হোক না কেন কাজটা মোটেও সহজ হবে না, ‘আমাদের ইনিংসটা খুব সহজ হবে, সেটিও কিন্তু না। আমাদের অনেক পরিশ্রম করে ব্যাটিং করতে হবে। আমরা অনেক কুল অ্যান্ড কাম আছি। আমাদের জিততেই হবে এমন কথা নেই। আমরা একটা প্রসেসের ভেতর দিয়ে যাচ্ছি। গত চার দিনে যে প্রসেসটা ধরে রেখে সফল হয়েছি, সামনেও হবো বলে আশা করছি। ’
গোটা দিন নিজেদের করে নেওয়ার পর ‘এক্সাইটেড’ হওয়াটা স্বাভাবিক। কিন্তু লিটন জানালেন ভিন্ন কথা, ‘আমরা এখন যে অবস্থায় আছি আমরা ওভার এক্সাইটেড নই, আমাদের এখনও ৫ উইকেট নিতে হবে। যত কম রান দেওয়া যায়, এই রানটা আমাদের চেজ করতে হবে।’