নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দারুণ এক জয় দিয়েই শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে সিরিজ হেরেছিল পাকিস্তান। হারের ধারাবাহিকতা অব্যাহত রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারের মুখ দেখেছে আজহার আলির দল। এদিন পাকিস্তানকে ৭০ রানে হারিয়েছে স্বাগতিক কিউইরা।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আজহার। অধিনায়কের সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করতে এদিন শুরুতেই ঝড় তোলেন মোহাম্মদ ইরফান ও নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমির। ইরফানের বলে দলীয় ২৩ রানে সাজঘরে ফেরেন ওপেনার মার্টিন গাপটিল। দলীয় ২৫ রানে আমিরের বলে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরেন আরেক ওপেনার টম ল্যাথাম (১১)।
১৬তম ওভারে জোড়া আঘাত হানেন মিডিয়াম ফাস্ট বোলার আনোয়ার আলী। দলীয় ৭০ রানে তিনি আউট করেন কেন উইলিয়ামসন (১০) ও গ্রান্ট ইলিয়টকে (০)। দলীয় ৯৩ রানে আউট হন কোরে অ্যান্ডারসন (১০)। তাকে সাজঘরে ফেরান মোহাম্মদ আমির। দলীয় ৯৯ রানে ফের আঘাত হানেন আমির। এবার তার শিকার লুক রঞ্চি (৫)।
তবে এক প্রান্ত আগলে রাখেন হেনরি নিকোলস। তার ৮২ ও শেষ দিকে স্যান্টনারের ৪৮ ও ম্যাট হেনরির অপরাজিত ৪৮ রানে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮০ রানের লড়াকু পুজি সংগ্রহ করে কিউইরা। তিনটি করে উইকেট নিয়েছেন আমির ও আনোয়ার আলি। দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ ইরফান।
২৮১ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ৩৩ ও ৩৭ রানের মাথায় আউট হন আজহার আলি (১৯) ও আহমেদ শেহজাদ (১৩)। দুই ওপেনারকে ফেরান গ্র্যান্ট ইলিয়ট। এরপর বাবর আজমকে নিয়ে ৮১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলান মোহাম্মদ হাফিজ। কিন্তু ৫৬ বলে ৪২ রানে হাফিজ ফিরে গেলে আবারও ধাক্কা খায় সফরকারীরা। শোয়েব মকসুদ ১০ রানে হাফিজকে অনুসরণ করলে বিপদ আরও বাড়ে।
সর্বোচ্চ ৬২ রান করে বিদায় নেন বাবর আজম। এছাড়া ৩০ রান করেছেন সরফরাজ আহমেদ। শেষ দিকে আর কোনও ব্যাটসম্যান দাঁড়াতে না পারলে ৪৬ ওভারে ২১০ রানে অল আউট হয় পাকিস্তান। স্বাগতিকদের হয়ে ট্রেন্ট বোল্ট ৪টি, গ্রান্ট ইলিয়ট ৩টি করে উইকেট নিয়েছেন। আর অ্যান্ডারসন-স্যান্টনার ও উইলিয়ামসনের দখলে গেছে ১টি করে উইকেট।
প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন হেনরি নিকোলস। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।
/এমআর/