বাংলাদেশে থেকে সুখকর স্মৃতি নিয়ে যেতে পারেননি স্টিভ রোডস। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর এই কোচকে ছাঁটাই করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই রোডস আবারও বাংলাদেশে এসেছেন, তবে ভিন্ন ভূমিকাতে। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উপদেষ্টা হিসেবে দেখা যাবে মাশরাফিদের সাবেক হেড কোচকে। গত দুই দিন ধরে প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কুমিল্লা দল নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। আজ (মঙ্গলবার) অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি।
স্বাভাবিকভাবেই অতীতের মুখোমুখি হতে হয়েছে রোডসকে। যদিও সাফ জানিয়ে দিয়েছেন, বিসিবি সংক্রান্ত কোনও কিছু আলোচনা করতে চান না বাংলাদেশের সাবেক কোচ। রোডস বলেছেন, ‘আমি বিসিবি সংক্রান্ত কোনও আলোচনাতেই জড়াতে চাই না। এটা ঠিক না, কারণ এটা অতীত হয়ে গেছে।’
নিজের চাকরি সংক্রান্ত কিছু না বললেও রোডস স্পষ্ট করেই জানালেন, তার অধীনে বাংলাদেশের পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল, ‘আমি এটুকু বলতে চাই যে, (২০১৯ ওয়ানডে) বিশ্বকাপের ম্যাচগুলো যদি আপনি দেখেন, শুধু পাকিস্তান ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই আমরা দারুণ খেলেছিলাম। এমনকি ইংল্যান্ড ও ভারতের কাছে হারের ম্যাচগুলোতেও। বিশ্বকাপের পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটের ধ্বংস ছিল না। বিশ্বকাপের আগে-পরে আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি। আমরা কিছু ভালো জয়ও পেয়েছিলাম। নিউজিল্যান্ডে ও বিশ্বকাপে ভালো করেছিলাম। তাই মানুষ যেমনটা খারাপ মনে করে, আমি মনে করি না এতটা খারাপ ছিল।’
রোডস আরও যোগ করেছেন, ‘কোনও পদ বা চাকরি থেকে মানুষ সরে দাঁড়াতেই পারে। মানুষের নিজস্ব মতামত থাকেই। কিন্তু আমি এসবের মধ্যে জড়াতেই চাচ্ছি না। আমি এটুকুই বলতে চাই যে, এই পরিবেশে আসতে পেরে আমি খুবই খুশি। আপাতত এই পরিবারের (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) অংশ হওয়াটা উপভোগ করছি। ’
দূরে সরে গেলেও বাংলাদেশের ক্রিকেট এখনও খুব ভালো করেই অনুসরণ করেন এই ইংলিশ কোচ। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘দেখুন, এটা হয়তো একটু অন্যরকম শোনাবে; কিন্তু আমি বাংলাদেশ ক্রিকেট খুব-খুব মনোযোগের সঙ্গে অনুসরণ করেছি। আমি বাংলাদেশে আমার সময়টা খুব উপভোগ করেছি। সামনের পাঁচটা সপ্তাহ কুমিল্লার সঙ্গে থাকবো। হ্যাঁ, সত্যি আমি বাংলাদেশ ক্রিকেটে কী যাচ্ছে, আপনারা বাংলাদেশ ক্রিকেট নিয়ে কীসের ভেতর দিয়ে গিয়েছেন, সবই জানি।’
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার মধ্য দিয়ে রোডসের অধ্যায় শেষ হয়। গত দুই বছরে দূর থেকেই বাংলাদেশ দলকে অনুসরণ করেছেন তিনি। বাংলাদেশের বর্তমান পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে সাবেক এই কোচের বক্তব্য, ‘আমি ঠিক ভালোভাবে জানি না এখন বাংলাদেশ ক্রিকেটে কী চলছে। তাই এ বিষয়ে মন্তব্য করাও ঠিক হবে না। আমি আপনাদের রিপোর্ট দেখেছি। তো আপনারা আমার চেয়ে ভালো জানবেন। তবে যা পড়েছি, তাতে বুঝেছি যে কোচিং স্টাফরা পরিশ্রমী, তবে কিছু ফল তাদের পক্ষে যায়নি। পাশাপাশি কিছু ফল ভালো ছিল, যেমন নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জেতা বিশাল ব্যাপার। এছাড়া টি-টোয়েন্টিতে নিজ মাঠে জিতেছে। এটা একরকম মিশ্র অবস্থা। আমার জন্য কোনও মন্তব্য করা কঠিন, কারণ আমি সব বিষয়ে অবগত না। যা দেখেছি... ফল পক্ষে-বিপক্ষে থাকবেই।’