পাকিস্তানের কাছেও হারলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা

এবারের যুব বিশ্বকাপ মনে রাখতে চাইবে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। সান্ত্বনা পুরস্কার পেতে পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। সেখানেও মিললো না কোনও সান্ত্বনা। আরেকটি বাজে ব্যাটিং প্রদর্শনীতে ৬ উইকেটে হেরে গেছে রাকিবুলদের দল।  

পুরো টুর্নামেন্টেই ছিল বাংলাদেশের বাজে ব্যাটিং প্রদর্শনী। কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেওয়ার পর এই ম্যাচেও ছিল ব্যাটারদের হতশ্রী ব্যাটিং। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েও বিপদে পড়ে যায় শুরুতে। একটি রান আউট আর পেসার আওয়াইজের বোলিং তোপে ৩ উইকেট পড়েছে ২৩ রানে! এর পর আরিফুল ইসলামের ১১৯ বলে করা শতরানই মান বাঁচায় লাল-সবুজদের। নাহলে পুঁজিটা আরও কম হতে পারতো। ৫টি চার ও ৪ ছক্কায় ইনিংস সাজালেও তার একার লড়াইয়ে সঙ্গী ছিল না তেমন। দ্বিতীয় সর্বোচ্চ স্কোরই ছিল ২৫। বাকি ৮ ব্যাটার সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন।

আরিফুল দুটি অর্ধশত রানের জুটি গড়ে দলকে সামলেছেন। প্রথমটি ওপেনার ইফতিখার হোসেনের সঙ্গে, দ্বিতীয়টি রিপন মন্ডলের। পরে বামহাতি স্পিনার মুমতাজ তিন উইকেট নিয়ে লেজ ছেঁটে দিলে ৪৯.২ ওভারে ১৭৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। পেসার আওয়াইজ ৫২ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। স্পিনার মুমতাজও সমসংখ্যক উইকেট নিয়েছেন ১৬ রান খরচ করে। 

জবাবে ৪৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই ম্যাচ জিতেছে পাকিস্তান। যে জয়ের পেছনে ছিলেন ওপেনার হাসিবুল্লাহ খান। ১০৭ বলে ৪টি চার ও ৪টি ছয়ে ৭৯ রানের ইনিংস খেলে মূল ভিত গড়ে দিয়েছেন। ৩৬ রান করেছেন আরেক ওপেনার শেহজাদ। বাংলাদেশের বোলারদের মধ্যে অধিনায়ক রাকিবুল ২৮ রানে দুটি উইকেট নিয়েছেন।