বিপিএল-২০২২

অধিনায়ক মোসাদ্দেক, কিন্তু টস করলেন বোপারা!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই যেন অসঙ্গতির ছড়াছড়ি। সিলেট পর্বে আজ (সোমবার) দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক সিলেট সানরাইজার্স ও খুলনা টাইগার্স। কিন্তু দলের নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন টস করতে এলেন না, যিনি এলেন তিনি বিদেশি ক্রিকেটার রবি বোপারা। যদিও টসের পর টিম ম্যানেজমেন্ট সূত্র সিলেটের নতুন অধিনায়ক হিসেবে রবি বোপারার নাম জানিয়েছে।

ম্যাচ শুরুর আগে পাঠানো খেলোয়াড় তালিকায় দেখা গেছে অধিনায়ক হিসেবে মোসাদ্দেক হোসেনের নাম। কিন্তু একই তালিকার নিচে অধিনায়কের স্বাক্ষরের জায়গাতে মোসাদ্দেক নন, স্বাক্ষর করেছেন বোপারা। একই শিটে দুই রকম ব্যাপার।

বিপিএলের প্রতি আসরেই খেলে আসছেন বোপারা। চলতি মৌসুমে সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে নাম লিখিয়েছেন ইংলিশ এই ক্রিকেটার। কিন্তু এখন অব্দি তার ব্যাট থেকে ভালো কোনও পারফরম্যান্স পায়নি সিলেট। খুলনার বিপক্ষে ঢাকাতে সর্বশেষ ম্যাচে দলে ছিলেন না তিনি। এক ম্যাচ পর শুধু দলে ফেরেননি, অধিনায়ক হিসেবে টস করতেও নেমে যান তিনি।

ম্যাচের আগে হুট করে অধিনায়ক বদল নতুন কোনও ঘটনা নয়। চলতি বিপিএলে চট্টগ্রাম পর্বে মেহেদী হাসান মিরাজকে হুট করেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন মিরাজ গণমাধ্যমকে জানিয়েছিলেন, তার সন্দেহ ওখানে ফিক্সিংয়ের মতো কিছু হতে পারে। মিরাজ দাবি করেছিলেন, তাকে রেখে কোনোভাবেই এই ধরনের কর্মকাণ্ড করা সম্ভব নয়! এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সিলেটে আবার একই কাণ্ড। যদিও এখনও জানা যায়নি ঠিক কী কারণে অধিনায়কত্ব বদল হলো এই ফ্র্যাঞ্চাইজির।

বিপিএলে অধিনায়ক বদল মানেই একরকম ফিক্সিংয়ের গন্ধ। ২০১২-১৩ মৌসুমেও এমন একটি ঘটনা ঘটেছিল। সেবার চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের ঠিক আগমুহূর্তে ঢাকা গ্ল্যাডিয়েটরস অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দল থেকে বাদ দিয়ে নেতৃত্ব দেওয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। পরে আকসুর তদন্তে বেরিয়ে আসে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি।