জাস্টিন ল্যাঙ্গারের দুঃখজনক বিদায়ে তার পাশেই রয়েছেন সাবেক অজি ক্রিকেটাররা। বাকিদের মতো জেসন গিলেস্পিও বলেছেন, যা হয়েছে সেটা আসলে বেদনাদায়ক।
ল্যাঙ্গারের বিদায়ের পর পর সম্ভাব্য কোচের নাম বাতাসে ভাসতে শুরু করেছে। সম্ভাব্যদের সেই তালিকায় রয়েছেন সাবেক অজি পেসার গিলেস্পি। তবে সাউথ অস্ট্রেলিয়ার কোচ সরাসরি বলে দিয়েছেন, ‘আমি আসলে কোনও ধরনের পদের জন্য নিজেকে বিবেচনা করছি না। এভাবে ভাবতে ভালো লাগে। কিন্তু বিষয়টা এমন কিছু না, যা নিয়ে আমি বিনোদিত হচ্ছি।’
সাফল্য পেলেও ল্যাঙ্গারের কোচিং ধরন নিয়ে ছিল সমালোচনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকে খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্কের অবনতির কথাও শোনা যাচ্ছিল। পরে অবশ্য ল্যাঙ্গার কোচিংয়েও বদল এনেছিলেন। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে তার পরেও দীর্ঘ সময় কাজ করার প্রতিশ্রুতি পাননি! ফলে তাকে বিদায়-ই নিতে হয়েছে। সার্বিক এই ঘটনাকে বেদনাদায়ক আখ্যা দিয়ে বাকিদের মতো গিলেস্পিও বলেছেন, ‘পুরো বিষয়টা যেভাবে তদারক করা হয়েছে, সেটা ছিল হতাশাজনক। সত্যি করে বলতে বেদনায়দায়ক। দুর্ভাগ্যজনক হলেও যা হয়েছে, তা তো হয়েই গেছে। জাস্টিনও নিজেকে সামলে নিয়েছে।’
তার পরেই তিনি আরও যোগ করেছেন, ‘তবে আমারা মনে হয়, সবাই বলছে যে বিষয়টা আরও ভালো ভাবেও নিষ্পত্তি করা যেত। ল্যাঙ্গার ঠিক আছে। ও মনে করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেটকে দেওয়ার মতো কিছু তার মাঝে আছে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া ভেবেছে ভিন্ন ভাবে। কোচ ও পেশাদার ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে মনে করি, এসবই অপরিহার্য অংশ। তাই সব ভুলে সামনে এগিয়ে যাওয়া উচিত।’