এবার খালেদের ওপর চটলেন মুশফিক

মাঠে মুশফিকের মেজাজ হারানোর ঘটনা নতুন নয়। আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় তাকে ঘরোয়া ক্রিকেটেই বেশি মেজাজ হারাতে দেখা গেছে। ২০২০ সালে ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রায় প্রতি ম্যাচেই মেজাজ হারিয়ে সমালোচিত হয়েছেন। এক ম্যাচে তো নাসুম আহমদে মারতে তেড়েও গিয়েছিলেন। চলমান বিপিএলে অতটা মেজাজ না হারালেও মুশফিক যা করেছেন, সেটা রীতিমতো সতীর্থকে অপমান করার শামিল!

শুক্রবার লিটন দাসকে ফিরিয়ে খুলনা টাইগার্সের ক্রিকেটাররা উদযাপন করছিলেন। বাউন্ডারি লাইন থেকে এগিয়ে এসে তাতে যোগ দেন খালেদ আহমেদ। উদযাপনের এক পর্যায়ে খুলনার অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে তিনি কোলাকুলি করতে গিয়েছিলেন। ঠিক তখনই খালেদকে বিব্রতকর এক পরিস্থিতিতে ফেলে দেন মুশফিক। ডানহাতি এই পেসারকে কোলাকুলি করতে দেননি। বরং হাত দিয়ে ঠেলে খালেদকে দূরে সরিয়ে দিয়েছেন। তখন পাশে দাঁড়ানো থিসারা পেরেরা ও আন্দ্রে ফ্লেচার অবাক হয়ে দেখছিলেন মুশফিককে! খালেদ অবশ্য না থেমে হাসতে হাসতে ঠিকই মুশফিককে জড়িয়ে ধরার চেষ্টা করেছেন। 

অবশ্য যারা ম্যাচ দেখেছেন, তারা ঠিকই ধরতে পেরেছেন মুশফিকের এমন আচরণের কারণ। শুক্রবার ঝড়ো ছড়ানো ইনিংস খেলছিলেন লিটন। এমন গুরুত্বপূর্ণ ব্যাটারকেই ক্যাচ ফেলে জীবন দিয়েছেন খালেদ। লিটন তখন ১২ বলে ৩২ রানে ক্রিজে ছিলেন।  ক্যাচ মিসের পরের বলে রুয়েলকে ছক্কাও মেরেছেন। পরে ১৭ বলে ৪১ রান করা লিটনকে দারুণ ক্যাচে থামিয়েছেন মুশফিক।