ম্যাচের আগে জানা গেলো হাসারাঙ্গা করোনা পজিটিভ

অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। ম্যাচ শুরুর আগে দুঃসংবাদ দিয়েছেন শ্রীলঙ্কার প্রাণভোমরা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে কোভিড পজিটিভ হয়েছেন তিনি!

ক্যানবেরায় হচ্ছে তৃতীয় ম্যাচ। সকালে ম্যাচ শুরুর আগেই জানা যায় এই সংবাদ। তার পর থেকে আইসোলেশনে রয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাটের এই তারকা ক্রিকেটার। অবশ্য তার করোনা আক্রান্তের খবরে ম্যাচ স্থগিতের কোনও সিদ্ধান্ত হয়নি। সেটি যথাসময়েই শুরু হয়েছে।

অবশ্য অস্ট্রেলিয়া সফরে এ নিয়ে লঙ্কান দলের তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। হাসারাঙ্গার আগে করোনা পজিটিভ হয়েছেন কুশল মেন্ডিস ও বিনুরা ফার্নান্ডোও। কুশল অবশ্য সুস্থ হয়ে এই ম্যাচে মাঠে নেমেছেন। তিনি আইসোলেশনে ছিলেন ৭দিন। তবে ফার্নান্ডো শনিবার পজিটিভ হয়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন। এই অবস্থায় হাসারাঙ্গার মতো গুরুত্বপূর্ণ একজনের করোনায় আক্রান্ত হওয়া শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কাই।

শ্রীলঙ্কার মেডিক্যাল বিভাগের প্রধান অর্জুনা ডি সিলভা জানিয়েছেন, হাসারাঙ্গা সফরের বাকি অংশও মিস করবেন। যেহেতু অস্ট্রেলিয়ান সরকারের নিয়ম অনুযায়ী ৭ দিনের আইসোলেশন বাধ্যতামূলক।

সিরিজ শেষ হবে ২০ ফেব্রুয়ারি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসারাঙ্গার মৃদু উপসর্গ আছে। তবে তারা আশাবাদী লঙ্কান প্রাণভোমরা আগামী মাসে ভারত সফর করতে পারবেন।