লিটন-মুশফিকের ফেরা, নাঈমের টিকে থাকায় ব্যাখ্যা

ফর্মহীনতার জন্য আফগানিস্তান সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছিল নাঈম শেখকে। তবে কোন কিছু না করেও টি-টোয়েন্টি সিরিজেও টিকে গেছেন এই ওপেনার। পাকিস্তান সিরিজে বাদ পড়া লিটন ও মুশফিকও ফিরেছেন আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টির দলে। সোমবার সন্ধ্যায় দল ঘোষণার পর লিটন দাস ও মুশফিকুর রহিমকে ফেরানো এবং  নাঈম শেখকে দলে রাখার কারন ব্যাখা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

গত বছর বাংলাদেশের জার্সিতে ২৬ ইনিংসে ৫৭৫ রান করেছিলেন নাঈম শেখ। সবচেয়ে বেশি রান করলেও তার স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন ছিলো অনেক। দারুন ফর্ম নিয়েই বিপিএলে শুরু করেছিলেন তিনি। কিন্তু  পুরো মৌসুমে কাটিয়েছেন খুব বাজে। ৮ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫০ রান! এমন পারফরম্যান্সের পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল থেকেও বাদ পড়েন নাঈম। তবে কোন কিছু না করেই ফের ফিরেছেন টি-টোয়েন্টি দলে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নাঈমকে সুযোগ দেওয়াকে প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন 

নাঈমকে দলে নেওয়ার ব্যাখায় প্রধান নির্বাচক বলেছেন, ‘নাঈম শেখ গত এক বছরে টি-টোয়েন্টিতে আমাদের সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান। স্ট্রাইক রেট কম, কিন্তু রান তো করেছে সবচেয়ে বেশি। বিপিএলটা ওর খারাপ গেছে। তবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে, তাতে মনে হয়েছে তাকে সিস্টেমের মধ্যে রাখা দরকার। সবাই মিলে একমত হয়েই নিয়েছি।’

অথচ ওয়ানডে সিরিজের আগে নাঈমকে বাদ দেওয়া প্রসঙ্গে নান্নু বলেছিলেন মানসিক বিপর্যস্ত! এখন সেই নান্নুর মুখেই উল্টো সুর, ‘মানসিক বিপর্যস্ত বলেই ওয়ানডে থেকে বিশ্রাম দিয়েছি। এখন তো অনেক দিন হয়ে গেছে, প্রায় দুই সপ্তাহ।’

এদিকে বিশ্বকাপ ব্যর্থতার পর অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার মুশফিককে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছিল। যদিও নির্বাচকরা এটিকে বিশ্রাম হিসেবে অ্যাখায়িত করেছিলেন। এক সিরিজ পর মুশফিককেও ফেরানো হয়েছে টি-টোয়েন্টি দলে। বিপিএলে ১১ ম্যাচে ২৫১ রান করা এই উইকেট কিপার ব্যাটারকে কুড়ি ওভারের ক্রিকেট ফেরানোর ব্যাপারে প্রধান নির্বাচক বলেছেন, ‘অভিজ্ঞতা  তো বড় ব্যাপার। সে আমাদের অভিজ্ঞ ক্রিকেটার। আগে পারফর্ম করেছে। আশা করি, আবারও করবে।’

মুশফিকের মতো লিটনও পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন। তিনিও ফিরেছেন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। লিটনকে নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘লিটনকেও বিশ্রাম দিয়েছিলাম। আবার আনলাম। বিপিএলে ভালো কয়েকটি ইনিংস খেলেছে, কয়েকটিতে ভালো করেনি। ধারাবাহিক ছিল না। তবে টেস্টে সে ভালো খেলছে, ওয়ানডে দলে আছে, ম্যাচ খেলবে। এখন মনে হয়েছে ওকে রাখা দরকার টি-টোয়েন্টিতে।