নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া বাংলাদেশে না আসায় ১১তম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আয়ারল্যান্ড। বাছাইপর্বে নেপালের সঙ্গে ৩ উইকেটের হারে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিলো তারা। পরবর্তীতে অস্ট্রেলিয়ার শূন্যস্থান পূরণে আইসিসি বেছে নেয় আয়ারল্যান্ডকে। তবে ঘটনাক্রমে পাওয়া এই সুযোগটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন আইরিশ ক্রিকেটাররা।
যুব বিশ্বকাপের ১১তম আসর বুধবার থেকে মাঠে গড়ালেও আয়ারল্যান্ডের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে আয়ারল্যান্ডের অধিনায়ক জ্যাক টেকটর সংবাদমাধ্যমকে জানান, ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে যাওয়াই লক্ষ্য তাদের।
তিনি বলেন, ‘আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ব্যাটিং-বোলিং ফিল্ডিং নিয়ে কাজ করছি। টুর্নামেন্টে ভালো খেলাই আমরাদের লক্ষ্য। দলের সবাই মাঠে নামতে মুখিয়ে আছে।’
প্রথম ম্যাচেই শক্ত প্রতিপক্ষ ভারতের বিপক্ষে লড়াইয়ে নামার আগে একটুও বিচলিত নন আইরিশ এই অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত শক্তিশালী দল। জানি, তারা স্পিনে আমাদের কাবু করতে চাইবে। আমরা প্রতিদিনই অনুশীলন করছি। তাদের স্পিন আক্রমণকে রুখে দিতে আমরাও কঠিন পরিশ্রম করছি।’
/আরআই/এমআর/